আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেটে টানা তিন বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রস্তাবিত বাজেটে সরকারের দেওয়া এ সুযোগকে স্বাগত জানালেও এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ফরেন চেম্বারসহ আরও কিছু ব্যবসায়ী সংগঠন এর তীব্র বিরোধিতা করেছে।
শনিবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়ায় অর্থমন্ত্রী তথা সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, "এর ফলে আগামী তিন বছরে দেশ থেকে কালো টাকার সংস্কৃতি দূর হবে। দেশে বিনিয়োগ বাড়বে। সৃষ্টি হবে কর্মসংস্থান।"
তবে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এফআইসিসিআই) সভাপতি ওয়ালিউর রহমান ভূঁইয়া কালো টাকা সাদা করার প্রস্তাবে এফবিসিসিআই'র সমর্থনকে 'লজ্জাজনক' বলে মন্তব্য করেছেন।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "টানা তিন বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে যারা নিয়মিত কর দেন তারা নিরুৎসাহিত হবেন। গত কয়েক বছর ধরে আস্তে আস্তে দেশে কর দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠছিল তা নষ্ট হয়ে যাবে।
"সরকারের রাজস্ব আদায় কমে যাবে। কোনও ব্যবসায়ী সংগঠন এ ধরনের প্রস্তাব সমর্থন করতে পারে না।"
তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, "কোন ব্যবসায়ী সংগঠন কি মন্তব্য করলো তা নিয়ে আমি কোনও মন্তব্য করবো না। তবে আমরা মনে করি এ ধরনের সুযোগ দেওয়া অনৈতিক। তিন বছর এ সুযোগ দেওয়া হলে সমাজের নৈতিক অবক্ষয় হবে বলে আমরা মনে করি।"
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ'র সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনও অবস্থাতেই টানা তিন বছর এ সুযোগ দেওয়া ঠিক হবে না। খুব বেশি হলে এক বছর এ সুযোগ দেওয়া যেতে পারে।"
তিনি বলেন, "তিন বছর এ সুযোগ দেওয়া হলে যারা নিয়মিত ট্যাক্স দেন তারা আর কর দিতে উৎসাহিত হবে না। সবাই ১০ শতাংশ হারে কর দিয়ে কালো টাকা সাদা করার অপেক্ষায় বসে থাকবে।"
উদাহরণ দিয়ে তিনি বলেন, "এক ব্যবসায়ীর আয়ের প্রায় ২৫ শতাংশ কর দিতে হয়। আর কালো টাকা সাদা করতে কর দিতে হবে ১০ শতাংশ। তাহলে একজন ব্যবসায়ী কেন কর দিতে যাবে। সেও কালো টাকা সাদা করার অপেক্ষায় বসে থাকবে।"
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই) বরাবরই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করে আসছে। এবারও বাজেট পেশের আগে এফবিসিসিআইসহ কিছু সংগঠন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি জানালেও এমসিসিআই এ সুযোগ না দিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিল।
বাজেট পেশের পর শুক্রবার এক বিবৃতিতে এমসিসিআই সভাপতি আবদুল হাফিজ চৌধুরী বলেন, "এ ধরনের বিধান করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করবে। এটি জনসাধারণের কর প্রদানের মনোভাবকে বহুমুখী ও বিরূপ প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেবে।
"তাই এ ধরনের সুযোগ যদি দিতেই হয়, তবে তা শুধু বৈধ আয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ রেখে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করার জন্য দেওয়া উচিৎ।"
১০ শতাংশ হারে কর দিয়ে কোনও প্রশ্ন ছাড়া তিন বছরের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এতদিন সাধারণত কয়েক মাসের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে সরকার দৃশ্যত সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ কালো টাকা অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে কর দিয়ে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, টেক্সটাইল, স্পিনিং, ওষুধ ও চামড়াজাত পণ্য এবং বন্দর ও পাতাল রেলসহ মোট ৪২টি খাতে বিনিয়োগ করলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন।
এছাড়া পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানির শেয়ার কেনায় বিনিয়োগ করা হলে লগ্নি করা টাকার ওপর ১০ শতাংশ হারে কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় বৈধ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "আমরা সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগকে যেমন অবারিত করতে চাই, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করতে চাই। এমন অনেক সম্ভাবনাময় খাত রয়েছে- যা আমাদের দিনবদলের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এজে/এসকে/২১৫২ঘ.
bdnews24