ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের 'সম্মানিত নাগরিক' হিসেবে ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের রেল, বাস ও লঞ্চে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ করার সময় এ বিষয়ে তিনি বলেন, "৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস এবং লঞ্চে বিনামূল্যে চলাচলের সুযোগ দেওয়া হবে।"
রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ বরাদ্দ প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "২০০৯-১০ অর্থবছরের বাজেটে এ জন্য ৫৯ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।"
এ সময় তিনি রাষ্ট্রীয় সম্মানী প্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বাবদ আরও দুই কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, "২০০৯-১০ অর্থবছরে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা এক লাখ থেকে এক লাখ ২৫ হাজার হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের সংখ্যা অনবরতই কমছে। আমাদের লক্ষ্য হলো যে আগামী বছরে সকল জীবিত মুক্তিযোদ্ধাদের নিয়মিত ভাতার আওতায় নিয়ে আসা।"
তিনি বলেন, "আমি ইতোমধ্যে ২০০৯-১০ অর্থবছর থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ৬৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসকে/২২৪৫ঘ.
bdnews24