২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাজেটের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ

২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পক্ষে-বিপক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেটে মিছিল-সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধীদল বিএনপি। খুলনায় আওয়ামী লীগসহ মহাজোটের শরিকরা বাজেটকে গণমুখী আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পক্ষে-বিপক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেটে মিছিল-সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধীদল বিএনপি। খুলনায় আওয়ামী লীগসহ মহাজোটের শরিকরা বাজেটকে গণমুখী আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছে। অপরদিকে বিএনপিসহ চারদলীয় জোটের শরিকরা বাজেটকে গতানুগতিক ও উচ্চভিলাষী আখ্যা দিয়ে বলেছে এতে জনগণের কোন কল্যাণ হবে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেল ৩টা ৩৬ মিনিটে সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: বাজেটকে স্বাগত জানিয়ে বিকেল সাড়ে ৫টায় সিলেট সিটি করপোরেশনের সামনে সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ। আওয়ামী লীগ নেতারা প্রস্তাবিত বাজেটকে জনগণের ভাগ্যোন্নয়নের বাজেট আখ্যায়িত করে বলেন, এ বাজেটে বাংলাদেশ এগিয়ে যাবে। সমাবেশ শেষে আওয়ামী লীগ নগরীতে একটি মিছিল বের করে। বাজেটের বিরোধিতা করে সিলেট মহানগর বিএনপি আদালত মোড় থেকে মিছিল বের করে। মিছিল শেষে একই স্থানে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য নাসিম হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা: খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বাজেটকে গণমুখী আখ্যায়িত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে নিুবিত্ত, মধ্যবিত্তসহ সাধারণ মানুষের উন্নয়ন হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।" জাতীয় পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মধু বলেন, "এ বাজেট মানুষের প্রত্যাশা পূরণের বাজেট। ডিজিটাল বাংলাদেশ গড়ায় এ বাজেট কার্যকর হবে।" খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, "২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বাজেট দারিদ্র্য বিমোচনে অত্যন্ত সহায়ক হবে।" খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মনা মনে করেন প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী। এতে জনগণের কোন কল্যাণ হবে না। তিনি বলেন, "এ বাজেটের কারণে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।" খুলনা মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ার বলেন, "এ বাজেট গতানুগতিক বাজেট। এতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কোন দিক নির্দেশনা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৩ ঘ.