মার্কিন বাণিজ্য চুক্তি: সর্বদলীয় আলোচনা চায় ইসলামী আন্দোলন
“দেশের স্বার্থ বিসর্জনে সরকার ও বিরোধীদল একমত হলে দেশের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়।”
অন্তবর্তী সরকারের শেষ সময়ে করা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিটি নিয়ে জাতীয় সংসদে ও সংসদের বাইরে সর্বদলীয় আলোচনার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা মনে করি, এই চুক্তি নিয়ে সংসদে ও সংসদের বাইরে সর্বদলীয় আলোচনা করার সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্যা থেকে উত্তরণের পথ বের করতে হবে। কারণ, আমরা কোনো পরাশক্তির আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হতে পারি না। একাত্তর ও জুলাই আমাদের স্বাধীনতা ও আত্মমর্যাদার শিক্ষা দেয়।”
বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন।
চুক্তি নিয়ে আতাউর রহমান বলেন, “চুক্তিতে একগাদা আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেয়া ও বাস্তবায়ন করার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক চুক্তির অধিকাংশেই শক্তিশালী রাষ্ট্রের স্বার্থের অনুকূলে শর্ত রাখা হয়। দেশীয় বাস্তবতায় কোন আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।
“অন্য কোনো রাষ্ট্র সেই সিদ্ধান্ত আমাদের ওপরে চাপিয়ে দিতে পারে না। কিন্তু এই চুক্তিতে সেই বাধ্যবাধকতা মেনে নেয়া হয়েছে।”
ইসলামী আন্দোলনের এই নেতার কথায়, এভাবে এই চুক্তির বহুবিষয় আছে যা দেশের ‘স্বার্থের বিরুদ্ধে যায়’। সেই চুক্তি অন্তর্বতী সরকার সাক্ষর করেছে এবং তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে, এই চুক্তি করার সময়ে বিএনপি ও জামায়াতের সাথে আলোচনা করা হয়েছে।
এই বিষয়টিকে সবচেয়ে ‘বড় আশংকার বিষয়’ বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, “দেশের স্বার্থ বিসর্জনে সরকার ও বিরোধীদল একমত হলে দেশের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়।”
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো বিবৃতিতে বলা হয়, নির্বাচনের মাত্র তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে একতরফাভাবে বাংলাদেশের ওপরে ১৩১ টা বিষয়ে বাধ্যবাধকতা চাপানো হয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মাত্র ৬ টি বিষয়ে আবশ্যকীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তিতে সবচেয়ে সমস্যাজনক বিষয় হলো, একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ হিসেবে দেশের জনগণের স্বার্থে ভর্তুকি দেওয়ার সক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে।
“চুক্তিতে বাণিজ্যিক বিবেচনা ও সুযোগ ধারায় বলা হয়েছে “রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনস্বার্থে দেশীয় উৎপাদকদের ভর্তুকি দিতে পারবে না এবং পণ্য উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বিশেষ সহায়তা বা ভর্তুকি দেওয়া থেকে বিরত থাকবে। যুক্তরাষ্ট্র লিখিতভাবে চাইলে বাংলাদেশ ভর্তুকির তথ্য দেবে। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কী বিশেষ সহায়তা বা ভর্তুকি দেওয়া হয়েছে, তা জানাতে হবে।”
এদিকে এই বাণিজ্য চুক্তি নিয়ে 'অযথা উদ্বেগের কিছু নেই' বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মত নয় যে ইচ্ছামত বাতিল করা যাবে; তবে কোনো চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থি হয়, তা সংশোধনের সুযোগ সেই চুক্তির মধ্যেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
