১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

পৃথক শোকবার্তায় রাইসির পরিবার ও ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বায়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ডানে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:02 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার পৃথক শোকবার্তায় রাইসির পরিবার ও ইরানের শোকসন্তপ্ত ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন সেই প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

বাসস জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে রাষ্ট্রপতি বলেন, “বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। তার মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারাল।”

পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমি হেলিকপ্টারটির মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।”

ইসলামি প্রজাতন্ত্রটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোখবারকে লেখা এক চিঠিতে সরকারপ্রধান বলেন, “দুঃখের এই সময়ে বাংলাদেশ সরকার ও আমার পক্ষ থেকে ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

“প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন। দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ থেকে ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।”

তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।