‘সিগারেট ফিল্টারের সূত্র ধরে’ সাভারের বিমল হত্যা রহস্যের কিনারা
চুরির বিষয়টি বুঝে ফেলায় কাপড় কাটার কাঁচি দিয়ে গলায় আঘাত করে খুন করা হয় আশুলিয়ার বিমল চন্দ্রকে।
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিমল চন্দ্র মণ্ডল নামে এক পৌঢ়কে হত্যার রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
এ তদন্ত সংস্থার ঢাকা জেলার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলছেন, নিজের বাসায় প্রতিবেশীকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করতে দেখে ফেলায় খুন হয়েছিলেন বিমল। তদন্তে নেমে একটি সিগারেটের ফিল্টারের সূত্র ধরে একজনকে গ্রেপ্তারের পর হত্যা রহস্য উদঘাটন করেন তারা।
৫৫ বছর বয়সী বিমল চন্দ্র স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন জামগড়া এলাকায়। তার স্ত্রী ও মেয়ে পোশাক কারখানায় কাজ করতেন। অসুস্থ হওয়ায় তিনি নিজে বাসাতেই থাকতেন।
পিবিআই সদরদপ্তরে রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, প্রতিদিনের মত গত ১৬ এপ্রিল কাজে যান বিমলের স্ত্রী পারুল ও মেয়ে পূর্ণিমা রানী মণ্ডল। ডিউটি শেষে বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ণিমা বাসায় ফিরে তার বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
ওই ঘটনায় বিমলের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। শুরুতে আশুলিয়া থানা পুলিশ ঘটনার তদন্ত করলেও গত ৪ জুন তদন্তভার পায় পিবিআই।
কুদরত-ই-খুদা বলেন, “ছয় মাস আগে বিমল স্ট্রোক করেছিলেন। এরপর ধূমপান ছেড়ে দিয়েছিলেন। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনার দিন বাসায় সিগারেটের দুটি ফিল্টার পাওয়া যায়। এর সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে এবং কয়েকজনকে সন্দেহের তালিকায় আনা হয়।
“এর মধ্যে বিমলের প্রতিবেশী মো. হাফেজ (৩৩) সন্দেহের তালিকায় এক নম্বরে রেখে তার বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়। পরে বৃহস্পতিবার আশুলিয়ার জিরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
বিমল ও হাফেজের স্ত্রী একই পোশাক কারখানায় চাকরি করতেন জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, একই কারখানায় চাকরি আর পাশাপাশি বাসা হওয়ায় হাফেজ মাঝেমধ্যেই বিমলের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় তিনি বিমলের বাসায় যান। সেসময় ওই বাসায় বিমল একাই ছিলেন।
“হাফেজ ও বিমল চন্দ্র একসঙ্গে টিভি দেখে এবং খাওয়া-দাওয়া করেন। পরে হাফেজ সিগারেট আনতে বিমলকে দোকানে পাঠিয়ে দেন। এরপর তিনি দোকানে চলে গেলে হাফেজ তার ঘরের গহনা ও টাকা-পয়সা খোঁজাখুজি করতে থাকেন।
“কিন্তু এরই মধ্যে সিগারেট নিয়ে বাসায় চলে এসে বিমল দেখেন, হাফেজ ঘর অগোছালো করে কিছু খোঁজাখুঁজি করছেন। পরে চুরির বিষয়টি বুঝে ফেলায় হাফেজ টেবিলে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে বিমলের গলার ডান পাশে আঘাত করেন। এরপর মুখে কাঁচি ঢুকিয়ে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।”
হাফেজ আদালতে জবানবন্দি দিয়েছেন জানিয়ে পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, “হাফেজ বিদেশে যাওয়ার জন্য টাকা জোগাড় করছিলেন। এর আগে বিদেশ যাওয়ার জন্য টাকা জোগাড় করতে দুটো অটোরিকশা চুরি করে বিক্রি করেন। আর বিমলের বাসায় চুরি করতে গিয়ে তাকে হত্যাই করেন।”
