১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

দুই বিচারক নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারক হলেন ৭ জন।

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 05:16 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন হাই কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দিয়েছেন। 

এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ এর দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহনের তারিখ হতে কার্যকর হবে।”

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

দুই বিচারক নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারক হলেন ৭ জন।

বিচারপতি একেএম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। 

১৯৮৩ সালে জজ কোর্টে, ১৯৮৫ সালে হাই কোর্ট এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন আসাদুজ্জামান। ২০০৩ সালের ২৭ অগাস্ট হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর তাকে স্থায়ী বিচারক করা হয়। 

২২ বছর হাইকোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেলেন।

বিচারপতি ফারাহ মাহবুবের জন্ম ১৯৬৬ সালের ২৭ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে জজ কোর্ট, ১৯৯৪ সালে হাই কোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 

২০০৪ সালের ২৩ অগাস্ট হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ফারাহ মাহবুব। দুই বছর পর তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

২১ বছর হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।