১ কেজি সোনাসহ ধরা পড়া রুস্তম ২ দিনের রিমান্ডে
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে এপিবিএন।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ গ্রেপ্তার রুস্তম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শনিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, এ দিন রুস্তমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন
করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর তালুকদার। পরে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে ১ কেজি ৫১ গ্রাম সোনাসহ রুস্তমকে গ্রেপ্তার করে এপিবিএন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, রুস্তম আলীকে টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে প্রশ্ন করা হলে অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।
পরে রুস্তমকে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বীকার করেন যে, তার কাছে সোনা রয়েছে।
এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
