Published : 22 Aug 2026, 07:10 PM
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে চার দিনের ‘অলিম্পিক সলিডারিটি অ্যাডমিনিস্ট্রেটর্স স্পোর্টস কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।
শনিবার অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয় বলে বিওএ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ১৯ থেকে ২২ অগাস্ট এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম চলেছে। এতে জাতীয় ক্রীড়া পরিষদসহ ৪১ ইউনিটের প্রশাসকরা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বিওএ সহসভাপতি ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, “গোঁড়ামি ও বাল্য বিবাহ ক্রীড়াঙ্গনে মেয়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তার বিশেষ প্রয়োজন। এজন্য প্রত্যেকটি ফেডারেশনে সিকিউরিটি অফিসার নিয়োগ করা অত্যাবশ্যক।”
নারীদের ক্রীড়াঙ্গনে ফেরাতে সাহস জোগানোর পাশাপাশি তাদের মানসিক ও আর্থিক সহযোগিতা করার কথাও বলেন তিনি।
“দেশের আনাচে-কানাচে ক্রীড়াঙ্গনের মেধাবীরা ছড়িয়ে রয়েছে। কিন্তু তারা যোগ্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের তুলে আনা এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথাযথ সুযোগ এবং পরিস্থিতি পাচ্ছে না। সোজা কথা, মেধার সঙ্গে সুযোগের সংযোগ হচ্ছে না।”
এজন্য ক্রীড়াঙ্গনের প্রশাসক, প্রশিক্ষক এবং সংশ্লিষ্টদের আন্তরিক, দক্ষ ও বিচক্ষণ হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি।