দুদকে পদোন্নতি পেয়ে ৩ জন মহাপরিচালক
সাত বছর পর দুদকের কোনো কর্মকর্তা পদোন্নতি পেয়ে মহাপরিচালক হলেন।
সাত বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন তিন কর্মকর্তা।
নতুন তিন মহাপরিচালক হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির আদেশ হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
আক্তার হোসেন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে এবং জয়নুল আবেদীন শিবলী এবং সৈয়দ ইকবাল হোসেন দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।
চেয়ারম্যানসহ তিন সদস্যের কমিশনের জনবল কাঠামোতে একজন সচিব এবং আটজন মহাপরিচালক আলাদা দায়িত্ব রয়েছেন।
দুর্নীতি দমন ব্যুরো থেকে ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন গঠনের পর এর আগে দুদকের কর্মকর্তাদের থেকে আরও তিনজন মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। সর্বশেষ ২০১৫ সালে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শহীদুজ্জামান মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
এতদিন আট মহাপরিচালকের পদগুলো প্রেষণে নিয়োগ হয়ে আসছিল। নিজেদের কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে বিশেষ করে জনপ্রশাসন থেকে এই পদগুলো প্রেষণে নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনাও ছিল।
নতুন তিন মহাপরিচালক পদোন্নতির পাশাপাশি বৃহস্পতিবার আলাদা দুই আদেশে ছয় কর্মকর্তাকে উপ-পরিচালক থেকে পরিচালক এবং আটজনকে সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক করেছে দুদক।
