২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করে ২০৪১ সালের মধ্যে ‘স্বয়ংসম্পূর্ণ স্মার্ট বাহিনী’ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

কোস্ট গার্ডকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের পতেঙ্গা কোস্ট গার্ড বার্থে বুধবার সমুদ্রগামী পাঁচ নৌযানের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 01:16 PM

Updated : 21 Jun 2023, 01:16 PM

স্মার্ট বাংলাদেশে রূপান্তরে প্রতিটি বাহিনীকে প্রযুক্তি ও দক্ষতা নির্ভর করে গড়ে তোলায় প্রক্রিয়ায় কোস্ট গার্ডকেও বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের পতেঙ্গা কোস্ট গার্ড বার্থে বুধবার সমুদ্রগামী পাঁচ নৌযানের কমিশনিং অনুষ্ঠানে তিনি বলেন, “ভবিষ্যতে এর দায়িত্ব আরও বাড়বে। সেদিকে লক্ষ্য রেখে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে কোস্ট গার্ডকে। ২০৪১ সালের মধ্যে কোস্ট গার্ড হবে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ণ একটি স্মাট বাহিনী।”

দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষায় কোস্ট গার্ডকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চাই, সে কারণে প্রতিটি বাহিনী প্রযুক্তি দক্ষতা নির্ভর আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হবে।

“আমরা এবার ক্ষমতায় আসার পর গেল ১৪ বছরে কোস্ট গার্ডের বহরে সংযুক্ত হয়েছে ১৫৪টি আধুনিক নৌযান। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই বাহিনীতে সকল আবহাওয়া এবং গভীর সমুদ্র চলাচলের উপযোগী আরও কয়েকটি জাহাজ সংযোজন করে দিয়ে এ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। ২০৩১ থেকে ২০৪১ সালের মধ্যে কোস্ট গার্ড হবে নিজস্ব জনশক্তিতে সম্পূর্ণ একটি স্মার্ট বাহিনী।”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নতুন নৌযানগুলোর ‘শুভ কমিশনিং’ ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৪ সালে বিরোধী দলে থাকা অবস্থায় ‘বাংলাদেশ কোস্ট গার্ড বিল’ উত্থাপন করেন। যার ধারাবাহিকতায় ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি এ বাহিনীর যাত্রা শুরু হয়।

পুরনো খবর:

কোস্ট গার্ড বহরে যুক্ত হল ৫ নৌযান

সেসময় দুটি জাহাজ দিয়ে জলদস্যু দমনের নামে কোস্ট গার্ড গঠন করা হয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, “পঁচাত্তর সালের ১৫ অগাস্টের পর যারা ক্ষমতায় এসেছিল, সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেয়নি। আমাদের উপকূল অঞ্চলকে যে নিরাপত্তা নিশ্চিত করা দরকার, তার জন্য ১৯৯১ সালে আমরা বিরোধী দলে থাকা অবস্থায় তার উপর একটি বিল আনার জন্য সংসদে প্রস্তাব করি। তখন সরকারে ছিলেন খালেদা জিয়া। আমাদের এই প্রস্তাবটা কণ্ঠভোটে নাকচ করে দেয়। তখন আমরা ডিভিশন ভোটের দাবি করি। ডিভিশন ভোটে আমরা জয়লাভ করি।”

ক্ষমতায় এসে কোস্ট গার্ডের হাল ধরার কথা জানিয়ে তিনি বলেন, “আজকে বহুমুখী দায়িত্ব রয়েছে, এটা কখনও বিএনপি সরকার অনুধাবন করে নাই। আমরা যখন সরকার গঠন করি, তখন কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিই। খুলনা শিপইয়ার্ড নেভির হাতে তুলে দিয়েছি, যাতে আমরা নিজেরা নিজেদের জাহাজ তৈরি করতে পারি। সমুদ্রসীমা আমাদের যে অধিকার রয়েছে সে বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিয়েছি।

“৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। ২০০১ সালে জাতিসংঘের সমুদ্র সীমা চুক্তি আমরা স্বাক্ষর করি। আমাদের সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করার জন্য একটা প্রয়োজন ছিল। ২০০১ এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারেনি, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এল, এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সমুদ্রসীমা চুক্তি সই করার পর হাতে মাত্র ১০ বছর সময় থাকে; এই ১০ বছরের মধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহ করে, আলোচনার মাধ্যমে অথবা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দাবি উত্থাপন করতে হয়।

“২০০৯ সালে আমরা ক্ষমতাসীন হই। তখন আমাদের হাতে মাত্র দুই বছর সময় ছিল। ২০১১ এর মধ্যে আমাদের এই দাবিনামা উপস্থাপন করতে হবে। অল্প সময়ের মধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে যাই। একদিকে মিয়ানমার আরেকদিকে ভারত, আমাদের দুই বন্ধু প্রতিম দেশের স্বার্থে বন্ধুত্বসম্পন্ন সম্পর্ক বজায় রেখে, আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করি।”

উপকূলী অঞ্চলকে সুরক্ষিত করা সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “অর্থনৈতিক দিক থেকেও সমুদ্র সম্পদ কাজে লাগাতে হবে। এসব বিষয় লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিই।

“বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। সেসময় মানুষকে সাহায্য করা, উদ্ধার করা সেই কাজটুকু আমাদের কোস্ট গার্ড দক্ষতার সাথে করতে সক্ষম হয়েছে। আমরা ইলিশ উৎপাদনে এক নম্বর, এখানে জাটকা ধরে ফেলা হত। এগুলো আমরা প্রতিরোধ করি। ইলিশ রক্ষা করা বা জাটকা না ধরতে পারে, সেক্ষেত্রে কোস্ট গার্ড ভূমিকা রেখে যাচ্ছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর কোস্ট গার্ডের জন্য আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা আমরা করেছি।”

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাঙালি জাতিকে উন্নত জীবনধারা এটাই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তিনি সারাজীবন আন্দোলন সংগ্রাম করেন।

“আমাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, আমাদের সংস্কৃতি অধিকারের জন্য তার সংগ্রাম। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়, বাংলাদেশ অরক্ষিত ছিল। ৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ছয় দফা দাবি উত্থাপন করেন।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বক্তব্য দেন।