যাত্রাবাড়ীতে বাসচাপায় মৃত্যু: চালক-সহকারী ১ দিনের রিমান্ডে
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গত শনিবার ওই প্রাণহানির ঘটনা ঘটে।
ঢাকার যাত্রাবাড়ীতে বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার অভিযোগে চালক শাহ আলম ও সহকারী মোহন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই মাহমুদুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী রাজিবুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদেশ দেন।
মামলার বাদী নিহতের সাহেদ জানান, গত শনিবার সন্ধ্যায় মতিঝিল থেকে ৮ নম্বর বাসে করে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা দেন বায়িং হাউজ কর্মকর্তা আবু সায়েম মুরাদ।
বাসে অপর এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার ঘটনায় মুরাদ প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। এরপরেই বাসটি শহীদ ফারুক সড়কের কাছে আসলে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে গাড়ির লোকজন তাকে ফেলে দিলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মফিদুল আলম জানিয়েছিলেন, ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন বাসের চালক সালাউদ্দিন (৪০) ও হেলপার মোহন মিয়াকে (২২) মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
