সোহরাওয়ার্দী উদ্যানে অনলাইন অ্যাক্টিভিস্টের উপর হামলা
রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানের ভেতরে জহিরুল ইসলাম বাপ্পী নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হামলার শিকার হয়েছেন।
সোমবার সন্ধ্যার এই হামলায় জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
হামলাকারীদের চিনতে পারেননি জহিরুল। কারা, কেন এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শাহবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাফর আলি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুইজন যুবক ছাতা দিয়ে বাপ্পীর পিঠে আঘাত করে চলে যায়।
বাপ্পীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, উদ্যানের ভেতরেই হেঁটে যাওয়ার সময় অপরিচিত ওই দুই যুবক তার সঙ্গে কথা বলার ছলে হামলা চালায়।
“পিঠে সামান্য আঘাত পেয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে,” বলেন জাফর আলি।
গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন যুবক বাপ্পীকে ছবির হাট থেকে মুক্তমঞ্চের দিকে ডেকে নিয়ে এই হামলা চালায়।
ঈদের ছুটির মধ্যে ওই এলাকাটিতে সব সময়ের মতো ভিড় ছিল না। এর মধ্যেই বাপ্পীর উপর হামলা হয়।
