২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: আদালতে ময়নার জবানবন্দি

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ময়না মিয়া চৌকিদার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 09:21 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় সোমবার বিকালে ময়নাকে আদালতে হাজির করা হয়।

পরে মহানগর হাকিম আনোয়ারুল হকের কাছে জবানবন্দি দেয় ময়না, বলেন আহাদ।

প্রায় তিন ঘণ্টার জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল আহাদ।

গত ১৪ জুলাই রাতে রাজন হত্যা মামলার অন্যতম আসামি ময়না মিয়া চৌকিদারকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ময়না চৌকিদার চুরির অভিযোগে রাজনকে আটক করে অন্য আসামিদের ডেকে এনে তাদের সঙ্গে মিলে রাজনকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

এ মামলার এ পর্যন্ত আসামি মুহিতের স্ত্রী লিপি বেগম ও দুই প্রত্যক্ষদর্শীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

পুরনো খবর:

রাজন হত্যাকাণ্ডের আসামি চৌকিদার ময়না গ্রেপ্তার