রাজন হত্যাকাণ্ডের আসামি চৌকিদার ময়না গ্রেপ্তার
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার আসামি চৌকিদার ময়না মিয়া ধরা পড়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের টুকের বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন।
১৩ বছরের রাজনকে হত্যার ঘটনায় যে চারজনকে আসামি করে পুলিশ মামলা করেছে, তার মধ্যে ময়না (৪৫) রয়েছেন। তিনি কুমারগাঁও এলাকায় বড় ময়না নামে পরিচিত।
নিহত রাজনের মামা ওমর ফারুক সাংবাদিকদের বলেছিলেন, “ময়না চৌকিদারের চরিত্র নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সে ছোট ছেলেদের সঙ্গে খারাপ কাজ করে।”
ময়নার প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে রাজনকে পেটানো হয় বলে তার দাবি।
এই হত্যাকাণ্ডের আসামিদের মধ্যে আলী হায়দার ওরফে আলী (৩৪) এখনও পলাতক।
আসামিদের মধ্যে মুহিত আলমকে ঘটনার দিন ৮ জুলাই জনতা পুলিশে দিয়েছিল। তার ভাই কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে গেলেও সেখানে ধরা পড়ছেন।
এছাড়া মুহিতের স্ত্রী ও শ্যালক এবং নির্যাতনের প্রত্যক্ষদর্শী দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের সব আসামিকে গ্রেপ্তারে পুলিশের প্রতি নির্দেশ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের। পুলিশ প্রধান এ কে এম শহীদুল হকও বলেছেন, তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবিতে রাজনের ওপর নির্যাতনের দৃশ্য।
এসআই আমিনুল রাজন হত্যার মামলাটির বাদী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির বাবার সঙ্গে আমিনুল দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাই আমরা। তদন্ত কমিটি তার সত্যতা পাওয়ার পর তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে আনা হয়েছে।”
গত বুধবার সকালে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবদের ঝড় ওঠে।
