সাংবাদিক আতিকুল আলম নেই
প্রবীণ সাংবাদিক আতিকুল আলম আর নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
রয়টার্সের ঢাকা ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রধান আতিকুল আলম বিবিসির বাংলাদেশ ব্যুরোর প্রধান হিসেবেও কাজ করেছিলেন।
সোমবার দুপুরে বগুড়ায় শ্বশুড় বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে আমরা জানতে পেরেছি। তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।”
আতিকুল আলমের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি এক স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার বাদ জোহর বড় মগবাজার মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৩৪ সালে ১৪ জুন পাবনায় জন্ম নেওয়া আতিকুল আলম সাংবাদিকতা শুরু করেছিলেন চট্টগ্রাম ইস্টার্ণ এক্সামিনারে কাজের মধ্য দিয়ে। তিনি পাকিস্তান টাইমসের ঢাকা ব্যুরো প্রধান হিসেবেও কাজ করেছেন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর রয়টার্সের ঢাকা ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রধানের দায়িত্ব নেন তিনি।
বিবিসি ছাড়াও গার্ডিয়ান, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন তিনি। ডেইলি ইউনিটি ও সাপ্তাহিক হলিডেতে নিয়মিত লিখতেন তিনি।
আতিকুল আলম সর্বশেষ দৈনিক অর্থনীতি প্রতিদিনের (এখন বন্ধ) সম্পাদক ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুল আলমের মৃত্যুতে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ শোক জানিয়েছেন।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শোক জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
