২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বরিশালে একটি আবাসিক হোটেলের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 05:48 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সোমবার ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সুমন সিকদার (৩৫) সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ফিশারি রোডের আফতাব সিকদারের ছেলে।

এ ঘটনায় শওকত হোসেন নামে এক জনকে আটক করেছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, রোববার দুপুরে নগরীর সদর রোডের ‘হোটেল এরিনার’ ৫০৭ নম্বর কক্ষ ভাড়া নেন সুমন সিকদার। তার সঙ্গে শওকত হোসেনও ছিলেন।

“রাত আনুমানিক আড়াইটার দিকে গ্লাস ভাঙার শব্দ পায় হোটেলের কর্মচারীরা। তারা দৌড়ে গিয়ে সুমনকে হোটেলের নিচে রাস্তায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

হোটেল ম্যানেজার মনোয়ার হোসেন মিলনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল মহানগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫০৭ নম্বর কক্ষের দুজনই মাদকাসক্ত ছিলেন। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটতে পারে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।