রাজশাহীতে সমাহিত ভাষা সৈনিক রাজ্জাক
রাজশাহীর হেতেমখা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক আবদুর রাজ্জাক।
সোমবার বেলা আড়াইটার দিকে তাকে দাফন করা হয়।
এর আগে রাজশাহী কলেজ শহীদ মিনারে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
পরে কোর্ট চত্বর, সোনাদিঘী মসজিদ ও রাজশাহী কলেজ শহীদ মিনারে তিনবার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার উত্তরায় তার বড় ছেলে রাজিব আহমেদের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
রোববার রাতেই তার মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হয় বলে স্বজনরা জানিয়েছেন।
আবদুর রাজ্জাকের ছোট ছেলে পারভেজ আহমেদ পাপেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা ১৯৫৩ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন।
১৯৬৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হন।
কর্মজীবনে ১৯৯২ সালে রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ভাষা সৈনিক আবদুর রাজ্জাকের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংসদ সদস্য আক্তার জাহান, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম প্রমুখ।
পৃথকভাবে পাঠানো শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
