সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ভোর চারটার দিকে চট্টগ্রামের শের শাহ সাংবাদিক হাউজিং সোসাইটির বাসায় মারা যান ওবায়দুল হক। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এম ওবায়দুল হকের মৃত্যুতে দেশ একজন সাহসী সাংবাদিককে হারালো।”
ভোরে মারা যান প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক
তিনি প্রয়াত এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
১৯৬২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘দৈনিক আজাদী’র মাধ্যমে সাংবাদিকতা জীবনের শুরু ওবায়দুল হকের।
দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি আজাদীর রিপোর্টিং বিভাগে কাজ করেন। এখান থেকে প্রধান প্রতিবেদক হিসেবে তিনি অবসরে যান।
পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ওবায়দুল হক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলেরও সদস্য ছিলেন।
