চট্টগ্রামে পাহাড় ধসে ৩ শিশুর মৃত্যুতে মামলা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় পাহাড় ধসে এক পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বায়েজিদ থানার এএসআই নাসির উদ্দীন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে বায়েজিদের ট্যাংকির পাহাড়ের আমিন কলোনিতে ভূমিধসে তিনটি শিশুর মৃত্যুর ঘটনায় এসআই আব্দুল হালিম বাদী হয়ে রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন।
অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- মো. মহিউদ্দিন, মো. রাসেল, মো. সোহেল ও শাহাবুদ্দিন।
আসামিরা ওই পাহাড় কেটে ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।
তাদের মধ্যে শাহাবুদ্দিনকে রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বলে এএসআই নাসির জানান।
২০০৭ সালের জুন মাসে অতিবর্ষণের মধ্যে চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জন মারা গিয়েছিল। এরপর থেকে প্রতিবছরই বর্ষায় অবৈধ বসিত উচ্ছেদে অভিযান চালায় জেলা প্রশাসন।
এবারও অভিযান চলছে, তার মধ্যেই পাহাড় ধসে মারা গেল তিনটি শিশু।
