‘একাত্তরের গণহত্যাকে গুরুত্ব দিতেন না নিক্সন’
“যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বর্তমান বাংলাদেশে ১৯৭১ সালে চলমান গণহত্যার প্রতি গুরুত্ব দেননি,” বলেছেন পুলিৎজার পুরস্কারজয়ী নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক টিম ওয়াইনার।
ওয়াইনার তার সর্বশেষ বই ‘ওয়ান ম্যান এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড: দ্য ট্রাজেডি অব রিচার্ড নিক্সন” এ অনেক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন, যার কিছু বিষয় রোববার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন তিনি।
এ পর্যন্ত তার চারটি বই প্রকাশিত হয়েছে। আর পঞ্চম বইয়ের সহ লেখক তিনি।
২০০৭ সালে প্রকাশিত ‘লেগাসি অব অ্যাসেজ: দ্য হিস্টরি অব সিআইএ’ বইয়ের জন্য ১৯৮৮ সালে পুলিৎজার পুরস্কার এবং পরে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড লাভ করেন ওয়াইনার।
টিম ওয়াইনার (ফাইল ছবি)
‘সমাজতন্ত্র ভীতি’ থেকে নিক্সন বাংলাদেশের গণহত্যার প্রতি উদাসীনতা দেখাতেন বলে মনে করেন ওয়াইনার।
“নিক্সন বহুবার ভারতের লোকদের অসভ্য-বর্বর বলেছেন। ইয়াহিয়ার পতন ঘটছে আর ইন্দিরা গান্ধী আরও শক্তিশালী হয়ে উঠছেন-এ বিষয়টি নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেন তিনি।”
“সেসময় বর্তমান বাংলাদেশে চলমান গণহত্যার প্রতি তিনি কোনো গুরুত্বই দেননি। যে হত্যাকাণ্ডের জন্য এখনও অনেকের বিচার চলছে ও দণ্ড দেওয়া হচ্ছে। তার এ ধরনের আচরণের কারণ ছিল কিসিঞ্জারকে চীনে পাঠাতে সহায়তা করায় ইয়াহিয়ার প্রতি তার কৃতজ্ঞতা।”
