হাত কাটায় প্রাণ গেল ছেলের, কাটা পা নিয়ে হাসপাতালে বাবা
গোপালগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলায় দুই হাত হারানো তরুণ মারা গেছেন। হামলাকারীদের কোপে পা হারিয়ে তার বাবা চিকিৎসাধীন হাসপাতালে।
সদর থানার চর পাথালিয়া গ্রামে বিরোধ নিষ্পত্তিতে সালিশ বৈঠকে শনিবার ঈদের রাত এই বাবা-ছেলে হামলার শিকার হন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
চাপাতির কোপে দুই হাত ও চোখ হারানো তুহিন মোল্লাকে গোপালগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হলে মধ্যরাতে পথেই তার মৃত্যু হয়।
পরে তাকে গোপালগঞ্জে ফিরিয়ে আনার পর রোববার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জেলার পুলিশ সুপার এসএম এমরান হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
তুহিনের বাবা সাবেক পুলিশ সদস্য শওকত মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চাপাতির কোপে তার এক পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
হামলাকারীরা শওকতের ভাই বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শওকতের সঙ্গে জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ বড় ভাই লায়ের মোল্লার। সম্প্রতি চাচাত ভাই-বোনদের সম্পর্ক নিয়ে বিরোধ চাঙা হয়ে ওঠে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শওকতের ছেলে তুহিনের সঙ্গে লায়েকের মেয়ের সম্পর্ক নিয়েও দুই পরিবারে নতুন করে উত্তেজনা চলছিল।
“শনিবার রাতে বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা সালিশে বসেন। বৈঠক চলাকালে লায়েকের তিন ছেলে আরিফুল, শরিফুল ও রবিউল কৌশলে চাচাতো ভাই তুহিনকে ডেকে পুকুরপাড়ে নিয়ে যায়। তারা চাপাতি দিয়ে কুপিয়ে তুহিনের দুই হাত কেটে বিচ্ছিন্ন করে ও তার দুই চোখ উপড়ে ফেলে। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে ভাতিজারা চাচা শওকতের দুই পায়ে কোপ দেয়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছিল।
সদর হাসপাতালের চিকিৎসক অনুপ কুমার মজুমদার বলেন, “শওকতের বাম পা বিচ্ছিন্ন অবস্থায় আনা হয়েছিল। ডান পা কোনো রকম চামড়ার সঙ্গে লেগে ছিল। অবস্থা গুরুতর দেখে দুজনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।”
গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, শওকত মোল্লা কয়েক বছর আগে পুলিশ কনেস্টবল হিসেবে অবসরে গেছেন।
