২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে জখম

ঢাকার নবাবগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 12:25 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

আহত ফারুক মোল্লা (৩৮) কৈলাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় প্রভাবশালীরা তার উপর হামলা করেছে বলে অভিযোগ স্বজনদের।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে দড়িকান্দা বাজারের গনি মোল্লার মুদির দোকানের সামনে হামলার শিকার হন ফারুক।

এ ঘটনায় ফারুকের স্ত্রী পারভিন আক্তার স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় রাতেই লিখিত অভিযোগ করেছেন বলে ওই থানার ওসি মো. সায়েদুর রহমান জানিয়েছেন।

আহত ফারুক মোল্লাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দড়িকান্দা এলাকাতেই তার বাড়ি।

হামলাকারীরা তাকে হাতুরি ও জিআই পাইপ দিয়ে এলাপাতাড়ি পিটিয়েছে বলে ফারুকের স্ত্রী পারভীন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী ফারুক দীর্ঘদিন ধরে পাড়াগ্রাম কালিগঙ্গা নদীতে গুদারা ঘাট ইজারা নিয়ে খেয়া পরিচালনা করে আসছেন। ওই ঘাটের পাশেই একই গ্রামের খালেক শেখ, ছালেম, শাহজাহান, বাবুল শেখসহ আরও কয়েকজন আরও একটি খেয়া ঘাট বসিয়ে ফারুকের কাজে বাধা দিয়ে আসছিলেন।

“এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি সুরাহা করে দিলেও তারা তা অমান্য করে আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল। এর জেরে খালেকসহ অন্য সন্ত্রাসীরা হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে আমার স্বামীকে পেটায়।”

কৈলাইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ হাসান সুজন জানিয়েছেন, ফারুককে পেটানোর ঘটনা শোনার পরপরই ইউএনও, ওসিসহ আওয়ামী লীগের স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের মুখে থাকা খালেক শেখ, ছালেম, শাহজাহান ও বাবুল শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।