২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে কাটা পড়ল বাবার দুই পা, ছেলের দুই হাত

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের দু’পা এবং তার ছেলের দু’হাত কেটে দিয়ে চোখ উপড়ে ফেলেছে তারই আত্মীয়রা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 12:05 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শনিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর থানার চর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- শওকত মোল্লা ও তার ছেলে তুহিন মোল্লা।

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শওকত মোল্লার বাম পা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। ডান পা কোনো রকম চামড়ার সাথে জড়িয়ে রয়েছে। ছেলের দু’ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও দু’চোখ উপড়ে ফেলা হয়েছে।”

শওকত মোল্লার সঙ্গে তার বড় ভাই লায়েক মোল্লার পৈতৃক জমি-জমা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ওই বিরোধ নিয়ে শনিবার রাতে সালিশ বসে।

এসআই খালেক বলেন, “সালিশেরএক পর্যায়ে লায়েক মোল্লার ছেলে আরিফুল, শরিফুল ও রবিউল তাদের চাচাতো ভাই তুহিনকে ধরে তার দুই হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং তার দুই চোখ উপড়ে নেয়।”

খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে ভাতিজারা চাচা শওকত মোল্লার দুই পা কেটে দেয় বলেও জানান এসআই খালেক।

গুরুতর আহত পিতা-পুত্রকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারলে হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শওকত মোল্লা কয়েক বছর আগে পুলিশ কনেস্টবল হিসেবে অবসরে গেছেন।”

এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।