ঈদ আনন্দ বঞ্চিত টেকনাফের ১১ গ্রামের মানুষ
সারাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করলেও কক্সবাজারের টেকনাফের সাবারাং ইউনিয়নের ১১ গ্রামের মানুষের ঈদের চিত্র ছিল পুরোই ভিন্ন। জোয়ার-ভাটায় সৃষ্ট বন্যায় ঈদের নামাজ পর্যন্ত আদায় করতে পারেননি তারা।
এসব গ্রামের বাস করেন প্রায় ২০ হাজারের বেশি মানুষ। তাদের ঈদ আনন্দ যেন তলিয়ে গেছে জোয়ারের পানিতে।
স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেকনাফের সাবারাং ইউনিয়নের বেড়িবাঁধের অনেকখানি ২০০৭ সালের জলোচ্ছাসের তোড়ে বিলীন হয়ে গেছে।
“বিলীন হওয়া বেড়িবাঁধ দিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বর্ষা মৌসুমের পূর্ণ জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে এক প্রকার বন্যার সৃষ্টি করে। এতে বেশিরভাগ গ্রামের রাস্তাঘাট, বসতভিটা ডুবে যায়।”
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বছর বর্ষা মৌসুমে পূর্ণ জোয়ারের সময় ঈদ উদযাপিত হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে টেকনাফ-শাহপরীর দ্বীপের সড়কের হারিয়াখালী এলাকাসহ সাবারাং ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট ও লোকালয় পানিতে ডুবে আছে। লোকজন নৌকাযোগে উপজেলা সদরে যাতায়ত করছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সময়ে জলমগ্নতায় মানুষের ভোগান্তি তার ইউনিয়নে নতুন নয়।
এসব এলাকার মানুষ টানা ৮ বছর ধরে এ ধরণের ভোগান্তিতে আছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন হামিদুর রহমান।
“শুক্রবার রাতে পানির কারনে মানুষ ঘুমাতেও পারেনি। আর শনিবার পূর্ণ জোয়ারের পানি ১১টি গ্রামে পানি ঢুকে পড়ায় কেউ আদায় করতে পারেনি ঈদের নামাজও, আনন্দ যেন জোয়ারের পানিতে তলিয়ে গেছে।”
সাবরাং ইউনিয়নের ঘোলাপাড়ার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলমগ্নতার কারণে এ বছর ঈদের নামাজও আদায় করতে পারলাম না।”
দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ অব্যাহত থাকলেও লাঘবে কোন ব্যবস্থা নেয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এমএম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ষা মৌসুমে পূর্ণিমা-অমাবস্যার প্রভাবে পূর্ণ জোয়ারের সময় বছরের অন্য সময়ের চেয়ে পানি বেড়ে যায়।
স্বাভাবিক জোয়ার-ভাটার সময় পানির উচ্চতা ৪ মিটারের বেশি হলেও বর্ষায় পূর্ণিমা-অমাবস্যায় তা বেড়ে ৭ মিটারেরও বেশি হয় বলে জানান তিনি।
“ঈদের দিন (শনিবার) সকাল ১১টা ৫৭ মিনিটে অমাবস্যার প্রভাবে পূর্ণ জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে পানি বেড়ে গিয়েছিল ৩.৭৪ মিটারের বেশি। রাত ১২টায় পূর্ণ জোয়ারের সময় পানি বেড়ে দাঁড়াবে ৩.৪৫ মিটারের বেশি।”
