২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ আনন্দ ছোঁয়নি তাদের

ঈদের দিন সারাদেশ উৎসবের আনন্দে ভাসলেও, সে খুশির আভাও লাগেনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মিলনের মনে।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

উৎসবের দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) দুরারোগ্য রোগে আক্রান্ত বাবার শয্যাপাশে কাটিয়েছেন তিনি।

প্রতিবছর কলেজ আঙিনা ছেড়ে নড়াইলে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসা মিলনকে শনিবার মলিনমুখে হাসপাতালে বাবার বিছানার পাশে বসে থাকতে দেখা যায়।

তার ষাটোর্ধ্ব বাবা দীর্ঘদিনের পেটের পীড়ায় কংকালসার হয়ে গেছেন। ১০দিন ধরে এটা-সেটা পরীক্ষার পর চূড়ান্ত কোনো রোগের নাম এখনও বলেননি চিকিৎসকরা।

ঈদে কী করলেন- জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আত্মীয় স্বজনরা সবাই গ্রামের বাড়িতে। বাবার এই অবস্থায় ঈদের আনুষ্ঠানিকতার সময় কোথায়?”

একই হাসপাতালের বারান্দায় ছোট্ট ছেলের মুখে সেমাই তুলে দিচ্ছিলেন টাঙ্গাইলের গৃহবধূ আকলিমা। তার বাবাও লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি।

অসুস্থ বাবার চিকিৎসায় লক্ষাধিক টাকা খরচ হওয়ায সামর্থ্যও প্রায় ফুরিয়ে এসেছে।

ঈদের দিন কেমন গেল, প্রশ্ন করতেই বলে উঠেন, “অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে কেমন ঈদ হয় বুঝেনই তো। জীবনে প্রথম হাসপাতালে ঈদ।”

ব্লাড ক্যান্সারে আক্রান্ত পিরোজপুরের লোকমান হাকিম (৫৮) গত ১০ দিন ধরে কেমোথেরাপি নিচ্ছেন। ঈদের দিনে তাকে বেশ সুস্থ্ মনে হলেও দুরারোগ্য ব্যাধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তার।

ঈদের কথা জিজ্ঞেস করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের আনন্দ উপভোগ করার মতো সময় এখন নেই। সুস্থ যেন হতে পারি সে দোয়া করেন।” 

শনিবার ঈদুল ফিতরের আনন্দ আয়োজনের বিপরীতে দেশের অধিকাংশ হাসপাতালগুলোর ঈদের চিত্র ছিল এমনই।

বিএসএমএমইউর পুষ্ঠিবিদ তৃপ্তি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটির পরও রোগীদের সেবায় তাদের তিনশ’ কর্মী কাজ করেছেন।

ঈদের দিন সাড়ে সাতশ’ রোগী, চিকিৎসক, ওয়ার্ডবয় ও সিস্টারের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

সকালে সেমাই, দুটি করে কলা, দুটি ডিম ও রুটি সরবরাহ করা হয়েছে। দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, লেবু ও শসা। রাতে মুরগির মাংস দিয়ে ভাত ছিল বরাদ্দ।

হাসপাতালের প্রিজন সেলের কর্মী আব্দুল বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার সেলে লিভার সিরোসিসে আক্রান্ত রাশেদ (৪৫) নামের এক বন্দি আছেন।

বারডেম হাসপাতালের কিচেন বিভাগের সহকারী ব্যবস্থাপক ইউসুফ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদকে সামনে রেখে কিছু রোগী রিলিজ দেওয়া হয়েছে, তবে ঈদের দিনেও বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে আড়াইশ’ রোগী ভর্তি ছিলেন।

তিনি বলেন, সকালে পরটা, ডিম, স্পেশাল ভাজি দেওয়া হয়েছে রোগী, কর্তব্যরত সিস্টার ও কর্মচারীদের। দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা ও ক্রিমড ভেজিটেবল।

চিকিৎসকদের আরেকটু ভালো মানের খাবার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঈদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মূল হাসপাতাল ও বার্ন ইউনিট মিলিয়ে ১৮৭৬ জন রোগী রয়েছেন বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। এসব রোগীর চিকিৎসায় ছুটির মধ্যেই রয়েছেন বিভিন্ন পর্যায়ের ৮০ জন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পথ্য বিভাগ থেকে জানান হয়, ঈদের দিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ডিম, পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা ও কোমল পানীয় সরবরাহ করা হয়েছে।

চিকিৎসক ও রোগীদের তিন বেলা ভালো খাবার দেওয়া হলেও স্টাফদের জন্য অবশ্য কোনো ব্যবস্থা ছিল না।

ঈদের ছুটির মাঝেও পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের সেবা ও শুশ্রুষায় বেশ সন্তুষ্টির কথা জানিয়েছেন কয়েকজন রোগী।

শরীরের কয়েক স্থানে ফোস্কা নিয়ে আসা শরীয়তপুরের বাসিন্দা মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “চাঁদরাতেও বেশ যত্নের সঙ্গে সিস্টাররা দেখাশোনা করেছেন। চিকিৎসকরাও খবর নিয়ে গেছেন।”

ঈদের আনন্দ ভুলে এই মুহূর্তে সুস্থ্ হয়ে ওঠা ছাড়া অন্য কিছুই ভাবছেন না মুজিবুর ও তার স্ত্রী অরজিনা।

মিটফোর্ড হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৩১৯ জন রোগী ঈদের দিনও চিকিৎসাধীন ছিলেন বলে পথ্য বিভাগ থেকে জানা যায়।

কিচেন সুপারভাইজার সুদেব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে পোলাও, খাসির মাংস, মুরগির মাংস, সেমাই, আপেল, মিষ্টিসহ পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়েছে।