২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে মিনি ট্রাক থেকে পড়ে আহত ৬

ঈদের দিন দুপুরে রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলে চলন্ত মিনি ট্রাক থেকে পড়ে ছয় তরুণ আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 08:15 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শনিবার বেলা ১২টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে গোলাপ নামে এক তরুণের অবস্থা ‘আশংকাজনক’।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রাকের আরোহীরা সবাই বিভিন্ন দোকানের কর্মচারী।

ঈদ উদযাপন করতে ওই তরুণরা মিনি ট্রাকটি ভাড়া নিয়েছিলেন।

ট্রাকের আরোহী মোর্তজা নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আড়াই হাজার টাকায় তারা কয়েক বন্ধু মিলে ছোট ট্রাকটি সারাদিনের জন্য ভাড়া নিয়ে সাউন্ডবক্স ও গানের ব্যবস্থা করেন।

“সকাল সাড়ে ১১টার দিকে ১৬ জন বন্ধু মিলে আমরা মধুবাগ থেকে উঠি। আধা ঘণ্টা ঘোরাঘুরির পর হাতিরঝিল বেগুন বাড়ির মোড় দিয়ে যাওয়ার সময় ট্রাকটি একদিকে কাত হয়ে পড়ে যায়।”

এসময় ছয়জন পড়ে গিয়ে আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান মোর্তজা।