২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ঘরে ঈদ আনন্দ

এক মাস রোজা শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 11:31 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

উৎসাহ-উদ্দীপনায় চলছে ঈদ উদযাপন

দেশের কোটি কোটি মুসলমান সারাদেশে অসংখ্য স্থানে ঈদগাহে কিংবা মসজিদে শনিবার সকালে ঈদের নামাজ পড়েন একসঙ্গে। এরপর বাড়ি বাড়ি গিয়ে মিষ্টিমুখ করে আত্মীয়-বন্ধুদের সঙ্গে আড্ডায় উৎসবে ঈদের দিনটি কাটাচ্ছেন তারা।  

রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও সরকারপ্রধান শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, জানিয়েছেন সম্প্রীতির আহ্বান।

বরাবরের মতোই সকালে দেশের প্রধান ঈদ জামাতটি হয়েছে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতিসহ গুরুত্বপূর্ণ অনেকে সকাল সাড়ে ৮টায় এই জামাতে শরিক হন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা অন্তর পাঁচটি ঈদ জামাত হচ্ছে।

Image
শনিবার সকালে বায়তুল মোকাররমে ঈদ জামাত

শনিবার সকালে বায়তুল মোকাররমে ঈদ জামাত

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ঈদের দিনে রাজধানীতে বৃষ্টি হতে পারে। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই দলে দলে মানুষ ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটে ঈদের নামাজ পড়তে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াও ভাল হতে থাকে। 

রাষ্ট্রপতি আবদুল হামিদ সকাল ১০টা থেকে বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সোয়া ১০টা থেকে গণভবনে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

প্রতিবারের মতো এবারও সকাল ১০টায় দেশের বৃহত্তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আসার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

Image
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে সমবেত মুসল্লিরা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে সমবেত মুসল্লিরা

Image
জাতীয় ঈদগাহ মাঠে নামাজের পর মোনাজাতে এক মুসল্লি

জাতীয় ঈদগাহ মাঠে নামাজের পর মোনাজাতে এক মুসল্লি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন,“শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজগঠনে উদ্বুদ্ধ করুক-এ প্রত্যাশা করি।”

জাতিকে ‘ঈদ মোবারক’ জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,“ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।”

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়েছে। ঈদ উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রেও।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার শতাধিক গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে।

ঈদ উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের আগে-পরে কয়েক দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো শুক্রবার প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগেও দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।