গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রতিবারের মতো এবারও ঈদের সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবারের সদস্যদের নিয়ে শনিবার সকাল ১০টা ২০মিনিটের দিকে গণভবনের ভেতরে তৈরি প্যান্ডেলের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা ওভারমায়ার, মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ ও জামাই খন্দকার মাসরুর হোসেন ছিলেন।
প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়ের সময় শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন সৈয়দ আশরাফ।
গত ৯ জুলাই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। তবে এক সপ্তাহের মধ্যে তাকে জনপ্রশাসনের মন্ত্রী করা হয়।
পরে মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, বুদ্ধিজীবী, কূটনীতিক, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, এতিম-দুস্থ, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, দীপু মনি, কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
