২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে চট্টগ্রামও ফাঁকা

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়ায় রাজধানী ঢাকার পাশাপাশি কর্মব্যস্ত চট্টগ্রাম নগরীও এখন অনেকটাই ফাঁকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 10:42 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

বন্দরনগরীর চিরচেনা যানজট শুক্রবার কোথাও দেখা যায়নি।

গত তিনদিন ধরে ঈদ উপলক্ষে মানুষ শহর ছাড়তে শুরু করলেও বৃহস্পতিবার বিকাল থেকেই ফাঁকা হতে থাকে নগরী।  

রাস্তাঘাটে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা ছাড়া অন্য যানবাহনের সংখ্যাও অনেক কম। সকালে রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে কিছুটা ভিড় দেখা গেলেও বিকাল হতে হতে তারও দেখা নেই।

Image
ঈদের আগের দিন শুক্রবার ফাঁকা রাস্তার ছবিটি চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুমন বাবু

ঈদের আগের দিন শুক্রবার ফাঁকা রাস্তার ছবিটি চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুমন বাবু

ব্যতিক্রম শুধু বিপণীবিতান, বাস টার্মিনাল ও রেল স্টেশন এলাকায়। যারা ব্যস্ততার কারণে এতদিন মার্কেটে আসতে পারেননি তারা ব্যস্ত ছিলেন শেষ মুহুর্তের কেনাকাটায়। পোশাকের পাশাপাশি অতিথি আপ্যায়নে আনাজ-তৈজস কিনতে কাঁচা বাজারগুলোতেও ভিড় করেন অনেকে।

ফাঁকা নগরীতে চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” 

ঈদের ছুটিতে নগরীর নিরাপত্তা জোরদারে থানা পুলিশের বাইরে অতিরিক্ত আরও তিন থেকে চারশ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে বেড়াতে পারেন সেজন্য টুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয় রেখে আলাদা ফোর্স মোতায়েনের কথাও জানান পুলিশ কর্মকর্তা দেবদাস।