২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্ট ছাপিয়ে ঈদযাত্রার খুশি

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব কষ্ট উপেক্ষা করেই রাজধানী ছেড়েছে ঘরমুখো মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে এই সংখ্যা এবার ৬০ লাখের কাছাকাছি।

গোলাম মুজতবা ধ্রুব

আতিক ফয়সাল ও , নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 10:23 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

বরাবরের মতো এবারও বিচ্ছিন্ন যানজট ছিল, স্টেশন-টার্মিনালে ছিল ক্লান্তিকর অপেক্ষা, তবে ভোগান্তির অভিযোগ আগের তুলনায় অনেক কম।

সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে টাঙ্গাইল মহাসড়ক ও পাটুরিয়া ঘাটে যানজটের কারণে যাত্রীদের বাড়ি ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হলেও দুপুরের পর পরিস্থিত বদলাতে থাকে।

টাঙ্গাইল সড়কের যানজট ঢাকার গাবতলী থেকে উত্তরবঙ্গগামী বাসের সূচিতে একপ্রকার বিপর্যয় ঘটালেও দুপুরের পর জট কমতে থাকায় ভোগান্তিও কমেছে। বৃহস্পতিবার রাতে কয়েকটি যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিচ্ছিন্ন যানজটই ছিল ভোগান্তির মূল কারণ।

ঈদের আগে এবার রেল কর্তৃপক্ষ সময়সূচি নিয়ে যাত্রীদের ভোগান্তি বাড়ায়নি। হঠাৎ ভিড়ে বৃহস্পতিবার রাতে অনেকে লঞ্চ ধরতে না পারলেও ঈদের আগের দিন স্বস্তি নিয়েই সরদঘাট থেকে বাড়ির পথে রওনা হয়েছেন।

টার্মিনালে মানুষের ঢল

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে উত্তরবঙ্গগামী বিভিন্ন জেলার বাসের সূচি এক কথায় এলোমেলো হয়ে যায়।

কাঙ্ক্ষিত গাড়ির দেখা পেতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলার যাত্রীদের অনেককে টার্মিনালে ছয় ঘণ্টাও অপেক্ষায় থাকতে হয়েছে।

রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষায় আছেন বহু যাত্রী।

হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলসসহ অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা জানান, রাতে যেসব বাস উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে গেছে, সেগুলো জটে পড়ে সময়মত ফিরতে না পারায় সকালের যাত্রীরা রওনা হতে পারেননি।

চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য হানিফ পরিবহনের টিকেট কেটে অপেক্ষায় থাকা শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৮টায় রওনা হওয়ার জন্য ১০দিন আগে টিকিট কেটেছিলাম। ছয় ঘণ্টা ধরে বসে আছি, বাসের তো দেখা নাই।”

দেশ ট্রাভেলসের কর্মী পিংকু জানান, টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরের বাইপাইল পর্যন্ত যানজটের কারণে তারা গাড়ি ছাড়তে পারছেন না। কোনো যাত্রী টিকিট ফিরত দিতে চাইলে তারা নিয়েছেন।

তবে দুপুরের পর সড়কের পরিস্থিতির উন্নতি হলে কষ্টভুলে বাড়ির পথে রওনা হতে পেরেছেন সবাই।

উত্তরের পথে সূচি বিপর্যয় হলেও যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ দক্ষিণ জনপদের অন্যান্য জেলার গাড়িগুলো দুপুরের পর মোটামুটি নির্বিঘ্নে যেতে পেরেছে।

হানিফ পরিবহনের অন্যতম ব্যবস্থাপক সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণের বিভিন্ন জেলায় তাদের ৩৮টির মতো বাস ছেড়ে গেছে।

গাবতলী টার্মিনালে মাগুরাগামী যাত্রী আকরাম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টার দিকে এসে রাসেল পরিবহনে দুপুর ১টার টিকিট পেয়েছি। তবে দামে একটু বেশি দিতে হয়েছে।”

দক্ষিণবঙ্গগামী ঈগল পরিবহন, সোহাগ পরিবহন, সোনারতরী, দ্রুতি, বিকাশ পরিবহন, সূর্যমুখী পরিবহনের কাউন্টারে বিকালে খুব বেশি ভীড় দেখা যায়নি।

দ্রুতি পরিবহনের টিকিটকর্মী মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পর্যন্ত যশোর, মাগুরা, সাতক্ষীরার পথে অন্তত ১০টি গাড়ি পাঠানোর প্রস্তুতি ছিল তাদের। কিন্ত সেখানে মাত্র পাঁচটি গাড়ি পাঠানের মতো যাত্রী পাওয়া গেছে।

সকালে গাড়ির চাপের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ছয় শতাধিক গাড়িকে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেলেও দুপুরের পর সেখানকার পরিস্থিতিও বদলায়।

ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে গতবারের  মত ‘শিডিউল বিপর্যয়ের’ আভিযোগ এবার মেলেনি।

স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সারাদিনে ৬৬টি ট্রেন ঢাকা ছাড়বে। সকাল পৌনে ৬টায় প্রথম দেওয়ানগঞ্জ কমিউটার ঢাকা ছাড়ে। তবে আজ ভীড় অন্য দিনের চেয়ে কম। অনেকেই আগেভাগে ঢাকা ছেড়ে গেছেন।”

তবে এবারও নিষেধ না মেনে বহু মানুষকে ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ির পথে রওনা হতে দেখা গেছে।

“তাদের ছাদ থেকে নামাতে খুব কঠোরও হতে পারছি না”, বলেন সিতাংশু চক্রবর্তী ।

তিনি জানান, ট্রেন ছাড়ার পর কোনো স্টেশনে দুই মিনিট থামার নিয়ম থাকলেও যাত্রী বেশি থাকায় অনেক সময় তা ১০/১২ মিনিট বিরতি দিচ্ছে। এ কারণে ট্রেন আসা যাওয়ায় ‘কিছুটা’ সময় বেশি লাগলেও তা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে দাবি করেন ব্যবস্থাপক।

কলেজ শিক্ষার্থী আশিক মোহাম্মদ নারায়ণগঞ্জে যাওয়ার জন্য দুপুরেই স্টেশনে এসে বসে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ট্রেন ছাড়বে সন্ধ্যায়। সকালে ঢাকায় যানজট হতে পারে, বৃষ্টিতে পথে সমস্যা হতে পারে ভেবে আগেই কমলাপুর স্টেশনে চলে এসেছি।”

ভোগান্তির পুরোনো স্মৃতি কথা মনে করে তিনি বলেন, “আসলে যদি কোনো সমস্যায় পড়ি কিংবা ট্রেনে উঠতে না পারি, সে চিন্তা করেই আগে এসেছি।”

ঈদে মানুষ শোলাকিয়ায় নামাজ আদায় করতে চাইলে শনিবার ভৈরব, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন রয়েছে। এছাড়া যারা ঢাকা ছেড়েছেন, তাদের ফেরার জন্য ঈদের পর থেকে সাতদিন পার্বতীপুর, খুলনা, দেওয়ানগঞ্জে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।