২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসবিহীন ৮ গাড়ি যানজটের কারণ: ওবায়দুল কাদের

ফিটনেসবিহীন আটটি গাড়ি বিকল হওয়ার কারণেই ঈদের ছুটির প্রথম দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 04:54 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকও একই কথা বলেছেন। 

ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঈদে ঘরমুখো মানুষ রাজধানী ছাড়তে শুরু করলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।

এর মধ্যে রাত আড়াইটার পর টাঙ্গাইলের মির্জাপুরে আটটি বাহন বিকল হলে সৃষ্টি হয় জট। এর প্রভাবে শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেরগাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ সড়কে গাড়ি চলে অন্যন্ত ধীর গতিতে।

ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি দেখতে দুপুরে সাভারের আশুলিয়া এবং গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শনে যান মন্ত্রী ওবায়দুল কাদের।

আশুলিয়ার বাইপালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিনি সাংবাদিকদের বলেন, ফিটনেসবিহীন গাড়ির মালিক-শ্রমিকদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এবার ঈদে সড়ক-মহাসড়কে যানবাহনের সঙ্কট রয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, “গাড়ির সঙ্কট নেই। তবে প্রয়োজনের জন্য বিআরটিসির ৭০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।” 

ঢাকা ও দেশের পূর্ব অংশের মানুষকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে যমুনা পেরিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেতে হয়। ঢাকা থেকে দক্ষিণের বিভিন্ন জেলার গাড়িও এই পথে চলে।

কিন্তু ভিড়ের মধ্যে গাড়ি বিকল হওয়ায় সেগুলো সরানো নিয়েও ঝামেলায় পড়তে হয় ট্রাফিক পুলিশের সদস্যদের।

চন্দ্রা ত্রিমোড় পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, ঢাকা ও আশেপাশের সড়ক বিভাগের প্রকৌশলীরা শুধুমাত্র ঈদের নামাজ আদায়ের জন্য তিন ঘণ্টা ছুটি পাবেন।

সড়ক পরিদর্শনকালে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুণ অর রশীদসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে সদরঘাটের পরিস্থিতি দেখতে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, “গত রাত ২টা সময় টাঙ্গাইলে মহাসড়কে আটটি গাড়ি নষ্ট হয়। গাড়িগুলো সরাতে সময় লাগায় এ জটের সৃষ্টি হয়।”

রাত থেকে চলা হালকা বৃষ্টিকেও যানজটের কারণ হিসেবে তুলে ধরেন পুলিশ প্রধান।

লঞ্চ ও ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন , “যত মানুষ যাচ্ছে, তত পরিবহন নেই। এ কারণেই কিছুটা ওভারলোডেড। তবে অ্যালার্মিং নয়।”

পুরনো খবর:

ঈদযাত্রায় পাটুরিয়ায় জট, উত্তরের পথে ধীরগতি