২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় পাটুরিয়ায় জট, উত্তরের পথে ধীরগতি

ঈদের ছুটি শুরুর প্রথম দিন ভোর থেকে যানবাহনের প্রবল চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 10:59 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

আর আগের রাতে কয়েকটি যানবাহন বিকল হওয়ায় বিচ্ছিন্ন যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে।

রাজধানী থেকে পদ্মা পেরিয়ে দক্ষিণ জনপদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার গুরুত্বপূর্ণ ফেরিঘাট পাটুরিয়া ও দৌলতদিয়া।

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ভোর থেকেই পাটুরিয়া ঘাটে জট শুরু হয়।

শুক্রবার সকাল ৯টার সময় পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে পাটুরিয়া-উথুলি সড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে দেড় শতাধিক যাত্রীবাহী বাসকে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এছাড়া পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাট থেকে আরসিএন মোড় পর্যন্ত  দেড় কিলোমিটার রাস্তায় দেখা গেছে ছোট-বড় শতাধিক ব্যক্তিগত গাড়ির জট।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, “১৮টি ফেরি চলাচল করছে। হঠাৎ করেই ভোরের দিকে যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে যায়। গতরাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক গাড়ি আসেনি। এজন্য ভোর থেকে গাড়ির চাপ বেড়েছে।”

তবে ‘পর্যাপ্ত ফেরি থাকায়’ পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাটুরিয়া নৌ পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মোক্তাদির জানান, সু-শৃঙ্খলভাবে পারাপারের জন্য তারা কাজ করে যাচ্ছেন।

ঢাকা ও দেশের পূর্ব অংশের মানুষকে যমুনা পেরিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেতে হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে। ঢাকা থেকে দক্ষিণের বিভিন্ন জেলার গাড়িও এই পথে চলে।

কিন্তু বিচ্ছিন্ন জটের কারণে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ সড়কে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঈদে ঘরমুখো যাত্রীদের গাড়িতে বসে বাড়ি পৌঁছানোর অপেক্ষায় থাকতে হচ্ছে বলে আমাদের গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধি জানান।  

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার পর মির্জাপুরের দিকে কয়েকটি গাড়ি বিকল হওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে গাড়ি সরিয়ে নেওয়া হলেও যানবাহনের চাপের কারণে চালকরা ধীর গতিতে চালাতে বাধ্য হচ্ছেন। 

তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ চারলেইন হওয়ায় সেখানে পরিস্থিতি তুলনামূলক ভালো বলে জানান তিনি।

টাঙ্গাইলের গোড়াই মহাসড়ক থানার এস আই মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “সেই অর্থে যানজট নেই। তবে রাত ৩টার পর থেকে গাড়ির চাপ অনেক বেড়ে গেছে। এ কারণে চালকরা স্বাভাবিক গতি তুলতে পারছেন না।”

রংপুরের যাত্রী জাবেদ শুক্রবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাস চার ঘণ্টাতেও সাভার থেকে বঙ্গবন্ধু সেতুতে পৌঁছাতে পারেনি।  

উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের এক চালক জানান, গাড়ি একেবারে থেমে না থাকলেও কিছু দূর পরপর বিচ্ছিন্ন জটের কারণে থমকে যেতে হচ্ছে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, সড়কের কিছু স্থানে এলোপাতাড়ি গাড়ি রাখায় এবং নিষেধাজ্ঞার পরও ঈদের সড়কে ট্রাক ও কভার্ড ভ্যান চলাচল করায় পরিস্থিতি জটিল হয়েছে।