‘সাইড’ না দেওয়ায় বাস থামিয়ে মারধর, উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
বাসের চালককে মারধর করার অভিযোগে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ইজাদুর রহমান মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান।
আটক মিলন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
ওসি জানান, রাজেন্দ্রপুর এলাকায় মিলনের গাড়িকে পাশ কাটাতে না দেওয়ায় ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস আটকে চালককে মারধর করেন এই উপজেলা চেয়ারম্যান।
“এক পর্যায়ে মিলন তার নিজের কাছে থাকা পিস্তল দিয়ে চালকে গুলি করারও ভয় দেখান। এ সময় সেখানে টহলে থাকা পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
তার পিস্তল, ৩৫ রাউন্ড গুলি এবং জিপ গাড়ি পুলিশ জব্দ করেছে বলে জানান ওসি রেজাউল।
এ ঘটনার সময় ওই এলাকায় যানজট সৃষ্টি হলে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ওসি জানান, মিলনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
