দপ্তরে যোগ দিয়ে খাদ্য প্রতিমন্ত্রী বললেন ‘ক্ষত ভোলার’ কথা
দায়িত্ব পাওয়ার দুই দিন পর প্রথম অফিস করতে এসে ‘সবাইকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে’ কাজ করার আশা প্রকাশ করেছেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান এমন এক দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন, যে মন্ত্রণালয় ব্রাজিল থেকে ‘পচা গম’ আমদানির অভিযোগ নিয়ে গত কিছুদিন ধরে আলোচনায় রয়েছে।
নুরুজ্জামান আহমেদ
সেখানে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন নতুন প্রতিমন্ত্রী। খাদ্যসচিব মোশফেকা ইকফাৎ মন্ত্রণালয় সম্পর্কে ধারণা ও কর্মপরিধি তুলে ধরেন।
নুরুজ্জামান বলেন, “আসুন আগামী দিনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। নতুন ক্ষত সৃষ্টি নয়, পুরাতন ক্ষতের নিরাময় হোক আমাদের সবারই প্রত্যয়।”
খাদ্য মন্ত্রণালয়ের অনিয়ম দূর করার বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কী না- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। অনিয়ম কিংবা অন্যান্য কর্মকাণ্ড খতিয়ে দেখার প্রশ্ন ওঠে না। মন্ত্রণালয়কে গতিশীল করতে যা করার আমরা সবাই মিলে করব।”
সাম্প্রতিক ‘গম কেলেঙ্কারির’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নুরুজ্জামান বলেন, “এ মুহূর্তে আমার বলার কিছু নেই। আমি নতুন এসেছি। সবার সঙ্গে পরিচিত হলাম। আমি কাজ করি তারপর এ বিষয়গুলো নিয়ে কথা বলব।”
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করে যেতে চাই।”
প্রতিমন্ত্রীর অফিস কোথায় হবে জানতে চাইলে মন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘চিন্তা-ভাবনা করে’ ব্যবস্থা করা হবে।
