২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল থেকে নবজাতক ‘চুরি’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে ১৪ দিন বয়সী একটি শিশু চুরি হওয়ার খবর জানাজানির একদিন পর অনুসন্ধানে নেমেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

শিশু চুরির অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে অনুসন্ধানে নামে র‌্যাব।

র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, “ওয়ার্ডের যে ইউনিট থেকে শিশুটি চুরি হয়েছে সেখানকার সিসি ক্যামেরাটি নষ্ট।

“আমরা আশপাশের অন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখছি, যদি কোনো ছবি পাওয়া যায়।এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলছি।”

ঘটনা তদন্তে হাসপাতালের প্রসূতি বিভাগের অধ্যাপক রোকেয়া বেগমকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

রাউজানের কদলপুর ইউনিয়নের শমসের পাড়ার শফিউল আলমের স্ত্রী জেসমিন আক্তার গত ২ জুলাই একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর শিশু ও মাকে হাসপাতালের ৩৪ নম্বর প্রসূতি (উত্তর) ওয়ার্ডের দুই নম্বর ইউনিটের ৩৫ নম্বর বেডে রাখা হয়। 

বুধবার বিকাল ৩টা থেকে থাকা শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক শাহানারা চৌধুরী জানান।  

শিশুটির মা জেসমিনের বরাত দিয়ে তিনি বলেন, “ঘটনার সময় ওয়ার্ডের মূল ফটকের সামনে খেলতে থাকা তিন বছর বয়সী বড় ছেলেকে আনতে যান জেসমিন।সে সময় জেসমিনের শাশুড়ি বাথরুমে ছিলেন।  

“এই সুযোগে কেউ বেড থেকে নবজাতককে নিয়ে যায়।চোর হয় তো আগে থেকেই সেখানে ছিল।”

শিশু চুরির খবর পাওয়ার পর পাঁচলাইশ থানার সহায়তায় হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরাও ব্যাপক তল্লাশি চালান।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, থানার দুটি মোবাইল টিম অনুসন্ধান চালিয়ে শিশুটির খোঁজ পায়নি।

রাতে গোয়েন্দা পুলিশের একটি দলও তল্লাশি চালায় বলে জানান তিনি।

তবে সন্তান জন্ম দেওয়ার ১৩ দিন পরও প্রসূতিকে কেন হাসপাতালে রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।