ফোরকান মল্লিকের রায় প্রত্যাশিত: প্রসিকিউটর
মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর ফোরকান মল্লিকের সর্বোচ্চ সাজা ‘প্রত্যাশিতই ছিল’ বলে মন্তব্য করেছেন এ মামলার প্রসিকিউটর।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার মুসলিম লীগের সাবেক কর্মী ফোরকানের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ের পর প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল বলেন, “প্রত্যাশিত রায় পেয়েছি। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিল এমন একজন আসামির সাজা হল।”
পাঁচ অভিযোগের মধ্যে তিন ও পাঁচ নম্বরে হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফোরকান মল্লিককে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। চার নম্বরে ধর্ষণ ও জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
এক ও দুই নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয় বলে জানান প্রসিকিউটর বাদল।
তিনি সাংবাদিকদের বলেন, “আসামি ফোরকান মল্লিক স্বেচ্ছায় রাজাকার বাহিনীতে কাজ করেছেন। তার বিরুদ্ধে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন “
এই প্রসিকিউটর বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ফোরকানকে ‘নিতান্ত গরিব ও দিনমজুর’ বললেও একাত্তর সালে তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। সত্তরের নির্বাচনে মুসলিম লীগ প্রার্থীর পক্ষে কাজও করেছেন।
“কিন্তু আজকে আদালতে রায়ের মধ্য দিয়ে বের হয়েছে এসেছে, নীচু শ্রেণির লোক হলেও তার অপরাধের ধরন ও সম্পৃক্ততায় সে বড় অপরাধী পর্যায়ে পড়ে।... এই অপরাধীর দণ্ড হয়েছে। আমরা সন্তুষ্ট।”
বাদল বলেন, আসামি ফোরকান মল্লিক ও তার রাজাকার সহযোগীরা আলেয়া বেগম নামের এক নারীকে ধরে নিয়ে যায় এবং তার বাবাকে হত্যা করে। আলেয়াকে পটুয়াখালী সার্কিট হাউজে তিন দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে বলেই এই কুখ্যাত আসামির মৃত্যুদণ্ড হয়েছে।
“ট্রাইব্যুনাল বলেছেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন, যুদ্ধের সময় সবচেয়ে ধর্ষণ মারাত্মক অস্ত্র। সেই হিসাবে তারা যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন... একটা সমাজকে ভীত সন্ত্রস্ত করা, মানুষকে ভীতি প্রদর্শন করা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে দেশ থেকে বিতাড়ণ করাই তাদের উদ্দেশ্য ছিল।”
একাত্তরে মুসলিম লীগের সক্রিয় কর্মী ফোরকান স্বাধীনতার যুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর সমর্থনে গড়ে তোলা সশস্ত্র রাজাকার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেন এবং মির্জাগঞ্জ থানার কাকড়াবুনিয়া, দেউলী, সুবিদখালী, কলাগাছিয়াসহ বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটান বলে ট্রাইব্যুনালের রায়ে উঠে এসেছে।
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সামরিক শাসনামলে স্বাধীনতাবিরোধীরা আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে শুরু করলে ১৯৭৭ সালে ফোরকানও স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
