ঢাকার সদরঘাটে পন্টুনের দৈর্ঘ্য বাড়বে
দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে এক হকারের মৃত্যুর প্রেক্ষাপটে সদরঘাটে পন্টুনের দৈর্ঘ্য বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
রাজধানীবাসীর ঈদযাত্রার মধ্যে বুধবার বিকালে সদরঘাট পরিদর্শনে গেলে আগের দিন ঘাটের স্থান দখলে দুই লঞ্চের প্রতিযোগিতার মধ্যে পড়ে হকার ইব্রাহিমের মারা যাওয়ার বিষয়টি তার কাছে তোলা হয়।
শাজাহান খান সাংবাদিকদের বলেন, “সদরঘাটের পন্টুনের দৈর্ঘ্য বাড়ানো হবে। ফলে পন্টুনে লঞ্চ ভেড়ানো নিয়ে যে প্রতিযোগিতা থাকে, তা আর থাকবে না।”
ইব্রাহিম মঙ্গলবার দুপুরে ১৩ নম্বর পন্টুনের কিনারায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে রুটি বিক্রি করছিলেন। তখন লঞ্চের মধ্যে চাপা পড়েন তিনি।
ওই সময় উপস্থিত পুলিশের এক পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় জাহিদ-৩, মিরাজ ও দিঘলদীসহ কয়েকটি লঞ্চ ঘাটে ভিড়তে ঠেলাঠেলি করছিল।”
১৩ নম্বর পন্টুনে লঞ্চ ভেড়ানোর প্রতিযোগিতায় আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
নৌমন্ত্রী বলেন, পূর্ব দিকে পন্টুন আরও বাড়ানো হবে।
ঈদে ফিটনেসবিহীন লঞ্চে রঙ করে চালানোর অভিযোগ নাকচ করেন শাজাহান খান।
“ঈদে যেমন সবাই সাজে। ঠিক তেমনি লঞ্চ মালিকরাও ঈদকে সামনে রেখে তাদের লঞ্চ রঙ করান। তার মানে এই নয় যে লঞ্চে ফিটনেস নেই।”
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আগে যাত্রী ছাদে উঠলে নামানো যেত না। এখন যাত্রী ছাদে উঠতে দেওয়া হয় না।”
দুর্ঘটনা এড়াতে আবহাওয়া বার্তা অনুসরণ করে লঞ্চ ছাড়ার পরামর্শ দেন মন্ত্রী।
বিআইডাব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার এক নম্বর বিপদ সংকেত থাকলেও লঞ্চ চলাচলে কোনো সমস্যা নেই।
সকালে বৃষ্টির কারণে ঘাটে যাত্রী সংখ্যা কম থাকলেও বিকালের দিকে বাড়তে শুরু করে। বিকাল ৫টা নাগাদ সদরঘাট থেকে ২৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যায়। ছাড়ার অপেক্ষায় ছিল আরও অনেকগুলো।
নৌ-পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাটে সার্বিক নিরাপত্তায় ১২৬ জন নৌ-পুলিশ নিয়োজিত আছেন।
বিআইডব্লিওটিএর পরিচালক (পরিবহন) মো. শরিফুল হক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সার্বক্ষণিক সবকিছু পর্যবেক্ষণের জন্য ২৭টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি-ক্যামেরা) সদরঘাটে বসানো হয়েছে বলে জানান তিনি।
