রাজন হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি
সিলেটে শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রামের প্রগতিশীল সংগঠনগুলো।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে যৌথভাবে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম বলেন, “রাজনৈতিক দুর্বৃত্তায়নে নিঃশেষিত মানবিক মূল্যবোধ রাজনের মতো হাজারো শিশুর হত্যাকাণ্ডের জমিন তৈরি করছে।
“রাজনের হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”
উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি চন্দন দাশ বলেন, “সমাজে মূল্যবোধ ও মানবিকতার চর্চা ফিরিয়ে আনতে একটি সাংস্কৃতিক গণজোয়ার তৈরি করে সব শিশুর বাসযোগ্য একটি সমাজ গড়ে তুলতে হবে।”
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, “রাজনৈতিক মারপ্যাঁচে এদেশে হত্যা বৈধ হয়ে যায়। আর এভাবে তৈরি হয় বিচারহীনতার সংস্কৃতি।”
বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে রাজনসহ সকল শিশু হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপনেরও দাবি জানান তিনি।
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণবের সঞ্চালনায় মানববন্ধনে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, মহিলা পরিষদের সিতারা শামীম, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক জয় সেন, জেলা যুব ইউনিয়নের আহবায়ক রিপায়ন বড়ুয়া, খেলাঘর সংগঠক আশীষ সেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য রাশেদুল সামির বক্তব্য রাখেন।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা পরিষদ, সাংস্কৃতিক সংগঠন উদীচী ও শিশু-কিশোর সংগঠন খেলাঘর যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
