চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের লালদিঘী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।
বুধবার বিকালে কোতোয়ালি থানার লালদিঘীর পশ্চিম পাড়ে ‘হোটেল লালদিঘীতে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আব্দুর রহমান (৪০), জাহেদ হোসেন (৩০), সুনীল বড়ুয়া (৪৭) ও মোশারফ হোসেন (৫৫)।
এদের মধ্যে রহমান ও জাহেদ টেকনাফের শিলগুনিয়া পাড়া, সুনীল উখিয়ার কুতুপালং ও মোশারফ নগরীর ষোলশহর হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুনীল ও মোশারফ নগরীতে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। আব্দুর রহমান ও জাহেদ সরবরাহকারী।
“বিকালে ক্রেতা সেজে সুনীল বড়ুয়ার সঙ্গে যোগযোগ করে হোটেল লালদিঘীর ২০৩ নম্বর কক্ষ থেকে সুনীল ও মোশারফকে গ্রেপ্তার করা হয় এবং হোটেলের নিচ থেকে আব্দুর রহমান ও জাহেদকে গ্রেপ্তার করা হয়।”
তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান পরিদর্শক তপন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরিদর্শক ওসমান কবির বাদি হয়ে কোতোয়ালি খানায় একটি মামলা করবেন বলেও জানান তিনি।
