২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাস না পেয়ে সাভারে জুতা শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া দুই মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ায় বিক্ষোভ করেছে সাভারের এক জুতা তৈরির কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশের আশ্বাসে শ্রমিকরা চলে যায়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার দুপুরে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আইচনন্দা এলাকায় অবস্থিত ‘এ্যালায়েন্স ফুট ওয়্যার এন্ড লেদার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’কারখানার অর্ধশতাধিক শ্রমিক।

শিল্প পুলিশের পরিদর্শ সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোন আজ দেয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানার মূল ফটকে গিয়ে তালাবদ্ধ দেখেতে পায়।

“পরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে তারা।”

একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে কারখানার সামন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধসে পড়া রানা প্লাজার সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

শিল্প পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, কারখানাটিতে তিন জন মালিক রয়েছে। এদের দুজন বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে। আশ্বাস পেয়ে শ্রমিকরা সেই ফিরে যায় বলে জানান তিনি।