মাগুরায় তিন ‘ছিনতাইকারী’ আটক
মাগুরা সদর উপজেলায় মোটরসাইকেল ‘ছিনতাই করতে আসা’ তিনজনকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাত ১১টার দিকে বড়ইগ্রামে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার এসআই মিলন হোসেন জানান।
আটকরা হলেন- মো. তাহের (২৮), শফিকুল ইসলাম (২৫) ও কামরুল (২২)। তাদের বাড়ি সদরের বরুনাতৈল গ্রামে।
মোহাম্মদপুর এলাকা থেকে বড়ইগ্রামের দিকে আসা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ‘ছিনতাই করার সময়’ জনতা তাদের আটক করে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিন যুবক একটি ইজিবাইকে (অটোরিকশা) করে এসে মোটরসাইকেলটির গতিরোধ করে।
“তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আরোহীদের চিৎকারে গ্রামবাসী এসে ছিনতাইকারীদের ধরে ফেলে এবং পিটুনি দিয়ে থানায় নিয়ে আসে।”
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান মিলন।
