২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বৃদ্ধা মারা গেছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে মারা যান মহিতন নেছা(৬০)। তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিট নাজিরদহ গ্রামের মৃত সেকেন্দার বাদশার স্ত্রী বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ জানিয়েছেন।

রকিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেয়া শুরু হয়। লাইনে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা মহিতন।

“প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে তিনি পরিষদ চত্বরে একটি গাছের নিচে গিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এক পর্যায়ে জ্ঞান হারান।”

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কালাম হোসেন জানান, “প্রচণ্ড গরম ও বয়সের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধা মহিতনের মৃত্যু হয়েছে।”

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিষয়টি দুঃখজনক।

“খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মৃত মহিতনের বাড়িতে যাই। তার দাফনের সব খরচ দেয়া হয়।”

এছাড়া তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।

মহিতনের পরিবার, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যানের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।