অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় যশোরে শ্রমিক নিহত
যশোরে প্লান্টের অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে যশোর শহরের খালধার রোড এলাকায় মোফা ফিস প্রসেসিং সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকতার হোসেন (৪৫) সাতক্ষীরার কামালপুরের বাসিন্দা এবং ৩০ বছর ধরে ওই প্রতিষ্ঠানের যশোর ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন প্লান্টে চুক্তিভিত্তিতে কাজ করতেন।
দমকল বাহিনীর সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার নব খুলে গিয়ে গ্যাস বেরিয়ে আসে। এটি তরল অবস্থায় থাকে।
এ গ্যাসের প্রতিক্রিয়া খুব মারাত্মক। এটি শ্বাস-প্রশ্বাসে মিশে টনসিলের গ্ল্যান্ড ফুলে শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন ঘটায়। ফলে দম আটকে মানুষ মারা যায়।
“তরল অ্যামোনিয়া শরীরের কোথাও লাগলে সেখানে ফুলে ওঠে। যা আকতারের দেহের বিভিন্ন অংশে দেখা গেছে।”
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশিরুদ্দিন আহমেদ সাগর বলেন, সকাল পৌনে ৯টার দিকে কারখানার কয়েকজন শ্রমিক প্লান্টের ভেতরে পর্যবেক্ষণে যান।
ওই সময় আক্তার হোসেন অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডারের ভাল্ব ডাউন করলে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে কোতোয়ালি থানার এসআই তুহিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আকতারের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
