২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুজ্জামান খান বাংলা একাডেমিতে আরও ৩ বছর

বাংলা একাডেমির মহাপরিচালক পদে আরও তিন বছর দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন শামসুজ্জামান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 04:09 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

২০০৯ সালের ২৪ মে দুই বছরের চুক্তিতে বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ পান শামসুজ্জামান। এরপর তার নিয়োগের মেয়াদ তিন দফা বাড়ানো হয়।

দুই মেয়াদে অর্থাৎ ছয় বছর পার করায় নতুন করে শামসুজ্জামান খানকে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া ‘বিধিবহির্ভূত’ হবে বলে সংশ্লিষ্টরা বলে আসছিলেন।

এক মেয়াদে তিন বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগের সুযোগ রয়েছে। একই ব্যক্তিকে দুই মেয়াদের বেশি নিয়োগ দেওয়ারও সুযোগ নেই আইনে।

তবে আইনটি ২০১৩ সালে হওয়ায় তার ক্ষেত্রে এই জটিলতা নেই বলে মনে করছিলেন শামসুজ্জামান খান, যিনি পুনঃনিয়োগ পেতে তদবির চালিয়ে আসছিলেন।

তিনি ২০০৯ সালের ২৪ মে মহাপরিচালক পদে দুই বছরের জন্য প্রথম দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান।  এরপর ২০১১ সালের ২৩ মে এবং ২০১৩ সালের ২৩ মে তাকে আরো দুই দফা মেয়াদ বাড়ায় সরকার।

এই বছরের ২৩ মে তার আগের মেয়াদ শেষ হলে মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।