শিশু রাজনকে নির্যাতনের ২ প্রত্যক্ষদর্শী আটক
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতনের ঘটনাটি দেখেছিলেন, এমন দুজনকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের ঘটনা দেখেও তা ঠেকাতে কুমারগাঁওবাসীর এগিয়ে না আসা নিয়ে সমালোচনার মধ্যে সোমবার রাতে এই দুজনকে আটকের কথ জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
রাত ১১টার দিকে কুমারগাঁও থেকে আজমত উল্লাহ (৫৫) ও ফিরোজ আলী (৬০) নামে ওই দুই ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্যাতনের সময় তারা ঘটনা দেখলেও প্রতিবাদ করেননি।”
ঘটনার বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন।
গত বুধবার সকালে রাজনকে পিটিয়ে হত্যার পর মুহিত আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতেও পেয়েছে পুলিশ।
মুহিতের ভাই কামরুল ইসলাম সৌদি আরব চলে গেলেও সোমবার সেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে ধরেছেন।
নির্যাতনকারীরাই রাজনকে পেটানোর দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে।
মুহিত ও কামরুলের সঙ্গে এই হত্যাকাণ্ডের মামলার অন্য দুই আসামি আলী হায়দার ও ময়না মিয়া এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় শেখপাড়া এলাকায় মুহিতের বাড়ি থেকে তার স্ত্রী লিপি বেগমকে আটক করে পুলিশ। তার আগে সকালে আটক করা হয় ইসমাইল হোসেন আবলুস নামে আরও এক সন্দেহভাজনকে।
