রেশমা হত্যা: তদন্তে মিলছে না কূলকিনারা
মিরপুরের রাইনখোলায় নিজবাসায় কলেজছাত্রী আমেনা আক্তার রেশমা হত্যার পাঁচ দিন পার হলেও হত্যার কোনো কারণ বের করতে পারছে না পুলিশ।
শুরুতে সন্দেহ ছিল পারিবারিক সম্পর্কে স্বার্থগত দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেও তেমন কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, নিহত রেশমবার বাবার তিন বিয়ে সংক্রান্ত বিবাদের দিকেই তাদের নজর ছিল।
এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রেশমার সৎভাই রবিন (২২) এবং যে বাড়িতে খুন করা হয়েছে সেখানকার নিরাপত্তাকর্মী মিলনকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার তাদের পুলিশ হেফাজত শেষ হবে।
রেশমার মা মরিয়মের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিন বলেন, জিজ্ঞাসাবাদে রবিন ও মিলনের কাছ থেকে কোন তথ্য পাওয়া যাচ্ছে না।
রেশমার বাবা আলমগীরের তৃতীয় স্ত্রীকে শুরু থেকে সন্দেহ করা হলেও তার মোবাইল ফোন ট্র্যাক করে তেমন কিছু পাওয়া যায়নি বলেও জানান তিনি।
তৌহিদুল বলেন, “ঘটনাটি খুবই জটিল। মাকে জিজ্ঞাসাবাদ করলে এক ধরনের সন্দেহ হয়, আবার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে আরেক রকম সন্দেহ হয়। তবে হত্যার পেছনে যা কিছুই থাকুক না কেন তা খুঁজে বের করা হবে।”
বৃহস্পতিবার সকালে মিরপুরের বিসিআইসি কলেজের শিক্ষার্থী রেশমাকে (২০) ঘুমে রেখে বাসা থেকে বেরিয়ে মিরপুর ২ নম্বরে একটি কাজে যান তার মা মরিয়ম। দুপুরে ঘরে ঢুকে মেয়ের গলাকাটা লাশ দেখতে পান তিনি।
মরিয়ম যখন বাসা থেকে বের হন তখন রেশমার বাবা আলমগীর ঘরেই ছিলেন।
তবে আলমগীর জানিয়েছিলেন, সকাল পৌনে ৯টার দিকে স্ত্রী বেরোনোর পরপরই তিনিও রেশমাকে ঘুমে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে ফ্ল্যাটে রেশমা খুন হন সেটি মরিয়মের এবং তা রেশমাকে লিখে দেওয়ার কথা ছিল।
এই ফ্ল্যাটের কারণেই রেশমাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ রেশমার মা মরিয়মের।
