কাটা মাথার পর স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত উদ্ধার
নিখোঁজ হওয়ার তিনদিন পর ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতার সকালে কাটা মাথা উদ্ধারের পর সন্ধ্যায় তার দুই হাতও পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার একটি খালে নিহত মাসুদ শিকদারের (৩৫) কাটা হাত দুটি পাওয়া যায় বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের দেওয়া খবরে সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার নয়াখালি গ্রামের মাটিভাঙ্গা খাল থেকে বাঁধা অবস্থায় হাত দুটি পুলিশ উদ্ধার করে।
নিহত মাসুদ শকাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংঠনিক সম্পাদক ছিলেন। তিনি পশ্চিম ছিটকী গ্রামের হারুন-অর রশীদ শিকদারের ছেলে।
রোববার রাত ১টার দিকে বিশখালী নদীর রঘুয়ার চরে মাসুদের কাটা মাথা পাওয়া যায় বলে কাঁঠালিয়া থানার ওসি জাহিদ হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর মাসুদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বিকালে তার ছোট ভাই মামুন একটি সাধারণ ডায়েরি করেছিলেন।”
এরপর রোববার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চর থেকে মাসুদের মাথা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ ঘটনায় নিহতের ভাই মামুন সিকদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার পর আওরাবুনিয়া গ্রামের লোকমান খান (২৫) নামের এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহিদ।
