২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের দুর্নীতিতে জড়িতদের জবাবদিহি করতে হবে: মহিউদ্দিন

বন্দর নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের ভবিষ্যতে জবাব দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 09:58 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার বন্দর রিপাবলিক ক্লাবে বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, “বন্দরের সম্পদ লুটেপুটে খেলে জবাব দিতে হবে। বন্দর নিয়ে যারা দুর্নীতি করছে তাদের তালিকা আমার হাতে আছে। বন্দর নিয়ে দুর্নীতির জন্য তাদের জবাব দিতে হবে।”

বন্দর কর্মচারী-শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বন্দর নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ার করেন মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার।

অনুষ্ঠানে বন্দর কর্মচারী পরিষদের নেতারা শ্রম আইন অনুসারে লভ্যাংশের পাঁচ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সমহারে বণ্টন, কর্ণফুলী কনটেইনার টার্মিনাল ও পতেঙ্গা টার্মিনাল দ্রুত বাস্তবায়ন করা এবং বন্দরের নিউমুরিং টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুর আহমেদ, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, বন্দর কর্মচারী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আলী, পেয়ার আহমদ, যুগ্ম সম্পাদক শহীদুল আলম, নুর ছাপা ভুইয়া ও সহ-সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর।