২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু রাজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোচ্চার ঢাকা

চুরির অভিযোগ তুলে সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাজধানীতে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 08:49 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

পুরনো খবর:

শিশু নির্যাতনের প্রতিবাদ মুশফিকের
রাজনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে: চিকিৎসক
শিশু রাজন হত্যার কারণ ‘অন্য’
পিটিয়ে শিশু হত্যা: আটক মুহিত রিমান্ডে

সোমবার শাহবাগ মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা এবং জাতীয় প্রেসক্লাবের সামনে যুব ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি হয়।

ফেসবুকে ‘রাজনের জঘন্য হত্যাকাণ্ডে জেগে উঠুক বাংলাদেশের বিবেক’ নামের একটি ইভেন্টের ডাক পেয়ে শাহবাগের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন সাহিত্যক, কবি, বুদ্ধিজীবি, অনলাইন অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী ও ব্লগারসহ সর্বস্তরের জনগণ।

রাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “রাজন হত্যাকাণ্ডের পর আজ শাস্তির দাবিতে রাস্তা এসে দাঁড়াতে হয়েছে। এর আগে অনেক হত্যাকাণ্ডের, একই দাবি জানিয়েছিলাম আমরা। এখন এই ধরনের দাবি জানাতে আমারও লজ্জাবোধ হয়।

“আগামীকাল সিলেটে একটি অবস্থান কর্মসূচি ডাকা হয়েছে। আমি অনুরোধ করবো, সবাই প্রতিবাদী অবস্থান কর্মসূচিটিতে যোগ দিন। অন্তত যে যেখানে আছি সেখানে একটি প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়াই। নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাই।

“একটা তুচ্ছ অভিযোগ দাঁড় করে নিম্নবিত্ত পরিবারে সন্তান রাজনকে হত্যা করা হয়েছে। এর চেয়ে বড় বড় অভিযোগ রয়েছে উচ্চবিত্তের বিরুদ্ধে, তারা কোটি কোটি টাকা চুরি/লোপাট করেছে। কেউ  কি কোনো দিন তাদেরকে রাস্তায় টেনে এনে মারধর করেছি? করি নাই।

“দেশকে দায়ী করে কোনো লাভ নেই। আমি বলি নিজের থেকে সচেতনতাবোধ তৈরি করতে হবে। এই সচেতনতাবোধ থেকে প্রতিবাদ করতে হবে, তাহলে বিজয় নিশ্চিত।”

মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, “এই ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ডে আমি মমার্হত, ক্ষুদ্ধ। আমার মনের হয়, আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে, সবার চোখের সামনে কি না রাজনকে পিটিয়ে হত্যা করা হলো। মানুষ হাসছে, কিন্তু প্রতিবাদ করছেন না- এটা একটা রোগ।

“আমাদের চেতনার জায়গা কি এতোটাই ভোঁতা, এই চেতনা নিয়ে তো যুদ্ধ করিনি। দেশ কি এগিয়ে যাবে?”

কবি পিয়াস মজিদ বলেন, “শুধু আলঙ্কারিকভাবে ফেসবুকের মধ্যে বিচারের দাবি না জানিয়ে প্রশাসনকে তৎপর করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে  শাস্তির দাবি জানাতে হবে।”

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ বলেন, “আজ প্রতিবাদ করছি। এই প্রতিবাদের জায়গা থেকে না সরে, ধরে রাখতে পারলেই এই ধরনের ঘটনা প্রতিহত করা সম্ভব।”

এদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব ইউনিয়নসহ প্রগতিশীল গণসংগঠনগুলোর এক প্রতিবাদী মানববন্ধন হয়।

মানববন্ধনে যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল ক্বাফি রতন বলেন, “সামিউল আলম রাজনের হত্যাকাণ্ডের দায় এই রাষ্ট্র ও রাষ্ট্রের আইন শৃঙ্খলাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না।

“অবিলম্বে রাজনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে মনুষ্যত্ব ও মানবতাকে রক্ষার দায়িত্ব রাষ্ট্রযন্ত্র ও এর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।”

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা. এম এ সাঈদ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহসাধারণ সম্পাদক রহমান মফিজ।

বুধবার সকালে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরা শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। এই ঘটনায় এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজনের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে শিশুটির। তার শরীরে ৬৪ টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।